Home » পুজোয় ৬টি শর্তে অনুদানের নির্দেশ হাইকোর্টের

পুজোয় ৬টি শর্তে অনুদানের নির্দেশ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্কঃ দুর্গাপুজোর আয়োজন করার জন্য সরকারি অনুদানে সায় দিল কলকাতা হাইকোর্ট। পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার মামলায় রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে অনুদান দেওয়ার জন্য মানতে হবে ৬ টি শর্ত।

জানা গিয়েছে, রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য। তবে রাখা হয়েছে ছয়টি শর্ত। অনুদানের ভিত্তিতে পুজোর কোন খাতে কী খরচ হয়েছে, তার যাবতীয় হিসেব জমা করার কথা বলা হয়েছে। এমনটাই জানা গিয়েছে আদালত সূত্রে।

এর আগেও ২০২১ সালেও দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সময়ও আদালতের নির্দেশ রাজ্য সরকারের পক্ষে গেলেও রাখা হয়েছিল বিশেষ কিছু শর্ত। যার মধ্যে উল্লেখ্য, কোন খাতে কত টাকা খরচ করা যাবে সেই সংক্রান্ত একটি রিপোর্ট হলফনামা আকারে জমা করতে হবে রাজ্যকে। এমনকী করোনা মোকাবিলায় রাজ্যকে টাকা খরচের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ। পুজোর অনুদানের টাকার অনেকটাই কোভিড মোকাবিলায় ব্যয় করার কথা বলা হয়েছিল। বাকি টাকা পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধির কাজেও ব্যয় করার পরামর্শ ছিল। স্যানিটাইজার, মাস্ক সহ করোনা মোকাবিলার ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার ব্যাপারেও অনুদানের অর্থ খরচ করার নির্দেশ ছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজোর প্রস্তুতি নিয়ে ক্লাব কমিটিগুলির সঙ্গে একটি বৈঠক করেন। সেখানেই তিনি এ বছরের জন্য অনুদানের পরিমাণ বৃদ্ধি করে দুর্গাপুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি বিদ্যুতের বিলেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধ জানান সিইএসি এবং রাজ্যে বিদ্যুৎ বন্টন পর্ষদকে। এরপরই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিরোধীরা একযোগে আক্রমণও করতে শুরু করেন। ইতিমধ্যেই দু’টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। তারপরই ছয়টি শর্তে পুজো অনুদানে সায় নিয়ে সরকারকে স্বস্তি দিল হাইকোর্ট।

About Post Author