সময় কলকাতা ডেস্কঃ ড্রেজিং-এর ফলে গভীরতা ফিরেছে নদীতে।
বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরে ড্রেজিং করার ফলে গভীরতা ফিরেছে নদীতে ৷ তাতে একের পর এক বন্দরে ভিড়তে শুরু করেছে সর্বাধিক গভীরতা সম্পন্ন ভারী জাহাজ ৷ বন্দর সূত্রে জানা গিয়েছে, এই প্রথম সবচেয়ে বেশি গভীরতা সম্পন্ন এমসিসি টোকিও নামের কনটেইনারবাহী একটি চিনা জাহাজ বন্দরে ভিড়েছে ৷

১৯৫০ সালের দিকে বাংলাদেশের মোংলা পোর্টের যাত্রা শুরু হলেও এই বন্দরে কনটেইনারবাহী সব থেকে বেশী গভীরতা সম্পন্ন ৮ মিটার জাহাজ এটিই প্রথম ৷ এর আগে যেসব জাহাজ এসেছে তার সবগুলোই ছিল ৭ মিটার গভীরতা সম্পন্ন কনটেইনার জাহাজ। এতে পণ্যবোঝাই সাত হাজার ২৪১ মেট্রিক টন ওজনের ২৮৯টি কনটেইনার এসেছে। এ জাহাজটির গভীরতা ৮ মিটার ও লম্বা ১৮৬ মিটার। বন্দর চ্যানেলের আউটার বারের ড্রেজিং সম্পন্ন ও ইনার বারে ড্রেজিং চলার কারণেই ৮ মিটার গভীরতার এ জাহাজটি সরাসরি বন্দরের জেটিতে নোঙর করতে পেরেছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ৷
বিশেষজ্ঞরা বলছেন, ড্রেজিং চলমান থাকলে নদী ভরাটের হাত থেকে রক্ষা পাবে। দিন দিন আরও বাড়বে বাণিজ্যিক কার্যক্রম। জলাবদ্ধতা নিরসনেও ক্যাপিটাল ড্রেজিং বড় ভূমিকা রাখবে।


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক