সময় কলকাতা ডেস্কঃ এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার টানা সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা পরই তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয় সিবিআই। বর্তমানে নিজাম প্যালেস থেকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।
অনেকদিন আগেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। সেই কারণে তাঁকে একাধিকবার জেরার মুখেও পড়তে হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ ফের সিবিআই দপ্তরে হাজিরা দেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সঙ্গে করে এদিন বহু নথি নিয়ে গিয়েছিলেন তিনি। এরপরই তার বয়ানে অসঙ্গতি মেলায় এদিন সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং তৎকালীন সচিব অশোক সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আর তারই মধ্যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারির ঘটনায় স্বাভাবিক ভাবেই দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রসঙ্গত, ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতির দায়িত্ব পান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রায় ১০ বছর দায়িত্বে ছিলেন তিনি। চলতি বছরেই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে তাঁর জায়গায় নতুন কাউকে আনা হবে, না কি তাঁকেই ফের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এরই মাঝে এসএসসি-র শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম জড়ায়। কলকাতা হাই কোর্ট তাঁর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। বারবার সিবিআইয়ের জেরার মুখোমুখিও হতে হয়েছিল কল্যাণময়কে। শুধু জেরাই নয়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশিও চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার জেরে একাধিক বিতর্কও তৈরি হয়েছিল। আর এই বিতর্কের মাঝেই কল্যাণময়কে সরিয়ে নতুন পর্ষদ সভাপতির নাম ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?