Home » অনুব্রতর বোলপুরের বাড়িতে সিবিআই

অনুব্রতর বোলপুরের বাড়িতে সিবিআই

সময় কলকাতা ডেস্কঃ ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই। অনুব্রত কন্যা সুকন্যাকে জেরা করতেই এই হানা বলে মনে করা হচ্ছে। যদিও এবিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি সিবিআইয়ের তরফে ।

জানা গিয়েছে, শুক্রবার সকালে বোলপুরের অস্থায়ী ক্যাম্পে অনুব্রত মণ্ডলের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মনীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করার পর অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে যান তিন সিবিআই আধিকারিক। তদন্তকারীদের মধ্যে রয়েছেন এক মহিলা আধিকারিক। বেলা ১২ টা নাগাদ অনুব্রতর বাড়িতে যান তাঁরা। সুকন্যাকে জেরা করে তার বয়ান রেকর্ড করেন তারা। প্রায় একঘণ্টা দশ মিনিট ধরে চলে জিজ্ঞাসাবাদ। তারপর অনুব্রতর বাড়ি থেকে বের হন আধিকারিকরা।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তার কয়েকদিন পর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করতে যায় সিদ্ধান্ত সিবিআই। কিন্তু তখন সিবিআইকে সহযোগিতা করতে রাজি হননি সুকন্যা।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল বর্তমানে রয়েছেন আসানসোলের জেলে।

About Post Author