Home » রদবদল! অপসারিত বিধাননগর পুলিশ কমিশনার

রদবদল! অপসারিত বিধাননগর পুলিশ কমিশনার

সময় কলকাতা ডেস্কঃ বিধাননগর পুলিশ কমিশনারের পদ থেকে অপসারিত আইপিএস সুপ্রতিম সরকার। এবার বিধাননগরের নতুন পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। সুপ্রতিম সরকারকে বদলি করা হয়েছে ট্রাফিক ও রোড সেফটি বিভাগের এডিজি-আইজি পদে। এছাড়াও আরও চার জায়গায় রদবদল করা হয়েছে। সরকারের তরফে বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এছাড়া শিলিগুড়ির পুলিশ কমিশনার পদেও বদল করা হয়েছে। গৌরব শর্মা ছিলেন শিলিগুড়ির এসপি। সেখানে দায়িত্ব পেলেন অখিলেশ চতুর্বেদী। বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদারকে করা হল ডিসি, কলকাতা  (নর্থ ডিভিশন)। বনগাঁয় এই বিভাগের দায়িত্ব পেলেন জয়িতা বসু। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিধাননগরের পুলিশ কমিশনার বদল।

উল্লেখ্য, গত ২২ অগাস্ট বাগুইআটি থেকে দুই মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ ওঠে। পিসতুতো ভাই অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে প্রতিবেশী জামাইবাবু সত্যেন্দ্রর সঙ্গে বেরিয়েছিল অতনু দে। সত্যেন্দ্র চৌধুরীই আর কয়েকজনকে সঙ্গে নিয়ে এই অপহরণের ছক কষে। এরপর বাসন্তী হাইওয়ের উপর নিয়ে গিয়ে গাড়িতেই শ্বাসরোধ করে খুন করে তাদের মৃতদেহ ক্যানালের জলে ফেলে দেয়। এরপর  ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ যায় অতনুর বাবার কাছে। পুলিশের দ্বারস্থ হন অতনুর বাবা। ১৪ দিন পর উদ্ধার হয় ২ কিশোরের দেহ। হাওড়া স্টেশন চত্বর থেকে সত্যেন্দ্রকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। বাগুইআটিতে দুই ছাত্র খুনের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল শহরে। পুলিশের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। সেই প্রেক্ষিতেই কি এই রদ বদল ? যদিও প্রশাসনের তরফে একে রুটিন বদলিবলে উল্লেখ করা হয়েছে।

About Post Author