Home » নকশাল ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, আহত সিআরপিএফ জওয়ান

নকশাল ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, আহত সিআরপিএফ জওয়ান

সময় কলকাতা ডেস্কঃ ঝাড়খণ্ডের ছাতরায় নকশাল এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র গুলির লড়াই। প্রতাপপুর কুন্ডা থানায় এলাকায় সিকিদবলহি জঙ্গলে নকশাল এবং সেনাবাহিনীর গুলির লড়াইয়ে, নকশালদের গুলিতে আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। আহত জওয়ানের নাম চিত্তরঞ্জন কুমার।

সেনাবাহিনী সূত্রের খবর, সিআরপিএফ ১৯০ ব্যাটেলিয়ান এবং পুলিশের দল তল্লাশি চালাচ্ছিল সিকিদবলহি জঙ্গলে। সেনাবাহিনীর কাছে গোপন সূত্র মারফত খবর ছিল এই জঙ্গলে লুকিয়ে রয়েছে নকশালীরা। নকশালীদের এরিয়া কমান্ডার অরবিন্দ ভূঁইয়া এবং মনোহর গাঞ্জুর জঙ্গলে লুকিয়ে থাকার খবর পেয়েই সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালীন আচমকায় নকশালীদের তরফ থেকে লাগাতার গুলি বর্ষণ করা হয়। এনকাউন্টারে সেনাবাহিনীর তরফ থেকেও চালানো হয় গুলি। দীর্ঘ তিন ঘন্টা চলে গুলির লড়াই।

এরই মাঝে এসপি রাকেশ রঞ্জন, সিআরপিএফ ১৯০ ব্যাটেলিয়ানের কমান্ডের মনোজ কুমার এবং ডিএসপি অবিনাশ কুমার বিশাল সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। অবস্থা বেগতিক দেখে গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় নকশালীরা। আহত জওয়ানকে হেলিকপ্টার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সংঘর্ষের পর জঙ্গল ঘেরাও করে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনী। এনকাউন্টারে বহু নকশালী আহত এবং নিহত হয়েছে বলে সেনাবাহিনীর প্রাথমিক অনুমান।

About Post Author