Home » ৫ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

৫ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

সময় কলকাতা ডেস্ক: সামনেই উৎসবের মরশুম। ধীরে ধীরে কমছে মহামারীর প্রকোপ। ফের ৫ হাজারের নিচে নামল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।  তবে পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস বেড়েই চলেছে।  যা উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্যমহল।  সংক্রমণ যাতে হাতের নাগালে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সোমবার দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৫৮ জন। যা আগের কয়েকদিনের তুলনায় সামান্য কম।  বর্তমানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৪৮ হাজার ২৭ জন। রবিবার পর্যন্ত দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ৪৭ হাজার ৯২২। আর সোমবার তা ৪৮ হাজার পেরিয়ে গেল।  স্বস্তি এটাই যে বাড়ছে সুস্থতার হার। গত একদিনে মহমারীর কবল থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন ৪৭৩৫ জন। সোমবার পজিটিভিটি রেট বাড়ল অনেকটাই। পজিটিভিটি রেট ২.৭৬ শতাংশ, যা রবিবারও ছিল ২ শতাংশের কম। যা বেশ উদ্বেগজনক বলেই মনে করছে স্বাস্থ্যমহল।

টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন  ২১৭ কোটির বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। পুজোর মধ্যে যা শেষ করতে চাইছে কেন্দ্র।

 

About Post Author