সময় কলকাতা ডেস্কঃ টিটাগড়ের ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বোমা বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়। এবার বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের ওপর ভরসা না থাকায় জাতীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়েছেন তিনি।
চিঠিতে টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনার বিস্তারিত তথ্য তুলে চিঠিতে তিনি লিখেছেন,‘বাংলায় আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হচ্ছে। বোমাটি নিরীহ শিশুদের উপর পড়তে পারত, এটা ভেবেই আমি আতঙ্কিত। শিশুদের অভিভাবকেরা এই ঘটনার জবাব চাইছে এবং তাঁদের জবাব দেওয়াটা আমাদের দায়িত্ব।‘ পাশাপাশি টিটাগড়ের স্কুলে বোমাবাজির ঘটনার পিছনে বড়ো কোনও রহস্য লুকিয়ে রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।
প্রসঙ্গত,বিশ্বকর্মা পুজোর দিনই টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে ক্লাস চলাকালীন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। সেসময় ১৩০০ ছাত্রছাত্রী উপস্থিত ছিল স্কুলে। এমনকী স্কুলবাড়ির ছাদের একাংশ উড়ে যায়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান ব্যারাকপুর পুলিশের কমিশনারেটের তদন্তকারী দল। পাশাপাশ ফরেন্সির দলও ঘটনাস্থলে যায় এবং বোমার স্প্লিন্টার উদ্ধার করে পরীক্ষাগারে পাঠায়। তদন্তে নেমে বিস্ফোরণের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই গ্রেপ্তার হয় ৪ অভিযুক্ত।

স্কুল চলাকালীন এমন ঘটনা ঘটায় স্বভাবতই আতঙ্কিত হয়ে যায় পড়ুয়ারা। অন্যদিকে,সন্তানদের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলে বিস্ফোরণের খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ওইদিনই সেখানে গিয়েছিলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেই দাবি সাংসদের। অন্যদিকে এই বোমা বিস্ফোরণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি তোলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর