সময় কলকাতা ডেস্কঃ সামনেই উৎসবের মরশুম। তার আগেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। মঙ্গলবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শিলিগুড়ি হাসপাতালে মৃত্যু হল এক তিন বছরের শিশুর। বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল শিশুটি। পরীক্ষা করার পর জানা যায়, ডেঙ্গু হয়েছে তার। তারপরই শিলিগুড়ির জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল শিশুটিকে। মৃত শিশুর নাম অভিনাশ সাহা। তার বাড়ি ৪১ নম্বর ওয়ার্ডের লিম্বু বস্তিতে।
পরিবার সূত্রে জানা গিয়েছে,গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল ওই শিশুটি। এরপর একটি বেসরকারি ল্যাবে রক্ত পরীক্ষা করানো হলে তার রক্তে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে। এদিকে সোমবার ওই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। কিন্তু, শেষরক্ষা হয়নি। মঙ্গলবার ভোরে ওই শিশুর মৃত্যু হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এর জন্য এলাকার জমা জঞ্জালকে দায়ী করছেন। সূত্রের খবর, শিশুটির বাড়ির পাশেই একাধিক বাড়িতে জ্বরের প্রকোপ রয়েছে। এর আগে শিলিগুড়ি পুরনিগমের ২৫ ও ৫ নম্বর ওয়ার্ডে দুই বাসিন্দার ডেঙ্গিতে মৃত্যু হয়েছে।
শিলিগুড়িতে ইতিমধ্যেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬০০ পার করে গিয়েছে। শিলিগুড়ি জেলা হাসপাতালে ১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এছাড়াও বেশকিছু নার্সিংহোমেও ডেঙ্গি আক্রান্তরা ভর্তি রয়েছেন। দেখা গিয়েছে, শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সেখানে একই পরিবারের অনেক সদস্যই ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা গিয়েছে।

অন্যদিকে রাজ্যেও বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং দার্জিলিং ডেঙ্গু আক্রান্ত সর্বাধিক বলেই খবর। ডেঙ্গুর এই বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় প্রশাসন। ইতিমধ্যেই, ডেঙ্গু চিকিৎসায় খরচে রাশ টানতে বলা হয়েছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী