সময় কলকাতা ডেস্কঃ নেই কোনও সরকারি নির্দেশিকা। নেই কোনও আরবিআই-এর নির্দেশিকা। কিন্তু কিছু মানুষের তৈরি অযৌক্তিক এবং ভ্রান্ত ধারণা ছোট এক টাকার কয়েনকে নিয়ে। বিশেষ করে গ্রামাঞ্চলে। আর এই নিয়ে হাওড়ার কোলাঘাট থেকে বীরশিপপুর, আমতা থেকে ডোমজুড়ের মানুষের মধ্যে হয়রানি।
ছোট এক টাকার কয়েন নিয়ে বিভিন্ন এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে ছোট দোকানদার, বা সবজি বিক্রেতা। কেউই ছোট এক টাকার কয়েন নিতে চাইছেন না। আবার কোনও কোনও জায়গায় ক্রেতারাও ছোট এক টাকার কয়েন নিতে চাইছেন না। কিন্তু কারণ জিজ্ঞাসা করলে কেউই তা সঠিকভাবে বলতে পারছেন না। অথচ সরকারিভাবে এই ছোট এক টাকা কয়েন অচল হওয়ার কোনও বিজ্ঞপ্তি নেই। তাহলে কেন বা কি উদ্দেশ্যে এই ধরনের বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে? কিছু অসাধু মানুষ এই বিভ্রান্তির সৃষ্টি করছে, বলেই মনে করছেন বিভিন্ন মহলের ব্যক্তিরা। বেশ কিছু দোকানদার জানিয়েছেন, তারা যখন এক টাকার কয়েন দিতে যাচ্ছেন, তখন কোনও ক্রেতা তা নিচ্ছেন না। ফলে স্বাভাবিকভাবে তারাও কোনও ছোট এক টাকার কয়েন নিচ্ছেন না। একমাত্র এই ছোট এক টাকার কয়েন নাকি চলছে শুধুমাত্র রেলের টিকিট কাউন্টারেই।

এই ছোট এক টাকার কয়েন নিয়ে গুজব চলছে চারিদিকে। আর সেই গুজব ছড়িয়েছে, কিছু স্বার্থান্বেষী মানুষ, এমনটাই ধারনা অনেকের। ভারতবর্ষের সবচেয়ে কম মূল্যের ছোট এক টাকার কয়েন এখন ব্রাত্য। এই সম্পর্কে হাওড়ার জগাছার একটি রাষ্ট্র ব্যাংকের আধিকারিক জানান, এ সম্পর্কে আরবিআই কোনও গাইডলাইন দেয়নি। পাশাপাশি সরকারও এই কয়েন বাতিল করেনি বলে জানান তিনি।


More Stories
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা