Home » দুর্গাপুজোয় বাড়িতে লোভনীয় দক্ষিণী মালাবার চিকেন

দুর্গাপুজোয় বাড়িতে লোভনীয় দক্ষিণী মালাবার চিকেন

সময় কলকাতা ডেস্কঃ বাঙ্গালির দুর্গাপুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডা। তাছাড়া পুজোর সময় বাড়িতে অতিথিদের আনাগোনা লেগেই থাকবে। কিন্তু সবসময় চিকেনের একই পদ খেতে কার ভালোলাগে বলুন তো? মুরগির কষা কিংবা চিলি চিকেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছে। তাই অতিথিদের কিংবা পরিবারের ছোট্ট খুদে সদস্যটির রসনাতৃপ্তি করতে অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মালাবার চিকেন। আপনার জন্য রইল রেসিপির হদিস।

উপকরণ

মুরগির মাংস- ১ কেজি
গোটা ধনে-২ টেবিল চামচ
শুকনো লঙ্কা-৪টি
গোটা গোলমরিচ-১ টেবিল চামচ
নারকেল কোরা-১ কাপ
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ
কাঁচা লঙ্কা- ৪টি
কারি পাতা-১০-১২টি
পেঁয়াজ-৪টি
হলুদ গুঁড়ো-১ চা চামচ
লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
পাতিলেবু-১টি
তেল-আধ কাপ
নুন-স্বাদ মতো

রন্ধন প্রণালী

প্রথমে কড়াইয়ে অল্প তেল গরম করে গোটা ধনে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিন। এতে নারকেল কোরা দিয়ে ঢিমে আঁচে পাঁচ মিনিট নাড়াচাড়া করুন। এবার মশলা দেওয়া নারকেল কোরা নামিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে বা শিলে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে চেরা কাঁচা লঙ্কা, মাংসের টুকরো দিয়ে দিন। তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর পাতিলেবুর রস দিয়ে নাড়তে থাকুন। এরপর পিষে রাখা মশলা কড়াইয়ে দিয়ে দিন। দরকারে সামান্য জলও আপনি দিতে পারেন। ভাল করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চাপা দিন। গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলে আরও মিনিট পাঁচেক দমে রেখে নামিয়ে নিন। ভাত কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন দক্ষিণী মালাবার চিকেন।

About Post Author