Home » আর্থিক তছরূপ মামলায় জামিন জ্যাকলিনের

আর্থিক তছরূপ মামলায় জামিন জ্যাকলিনের

সময় কলকাতা ডেস্কঃ আর্থিক তছরূপ মামলায় জামিন পেলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জ্যাকলিনের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। সূত্রের খবর, সাদা শার্ট এবং কালো প্যান্ট পরে উকিলের ছদ্মবেশে এজলাসে ঢুকে অন্তর্বতী জামিনের আবেদন জানান অভিনেত্রী।

সম্প্রতি অভিনেত্রীর স্টাইলিস্ট লিপাক্ষী এলাওয়াড়িকে ম্যারাথন জেরা করে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস শাখা। লিপাক্ষী পুলিশকে জানিয়েছেন, জ্যাকলিনের মন পেতে দামী দামী উপহার দিত সুকেশ। এমনকী জ্যাকলিনের জন্য দামী উপহার কিনতে লিপাক্ষীকে তিন কোটি টাকাও দিয়েছিল সে।

ইতিমধ্যেই এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কাছে হাজিরা দিয়েছেন জ্যাকলিন। দিল্লি পুলিশের কাছেও তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। এর আগেও শুটিংয়ের জন্য সেই হাজিরা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন জ্যাকলিন। তারপরই অভিনেত্রীর বিরুদ্ধে ফের চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটের ভিত্তিতেই সোমবার আদালতে জ্যাকলিনের হাজির হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। ২০০ কোটি টাকার প্রতারণা এবং আরও ২০টি আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি ‘ঠগবাজ’ সুকেশ। জ্যাকলিনের সঙ্গে এই সুকেশের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সময়ই শোনা গিয়েছিল, জ্যাকলিনের সঙ্গে পরিচয়ের সময় জামিনে মুক্ত ছিল সুকেশ। চেন্নাইয়ে চারবার জ্যাকলিন ও তার সাক্ষাৎও হয়। তারপর থেকে বিভিন্ন সময় জ্যাকলিনকে নানা উপহার দিয়েছে। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগেও আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এদিকে, ‘ঠগবাজ’ সুকেশের সঙ্গে নাম জড়ানোয় বেশ বিপাকে পড়েছেন অভিনেত্রী জ্যাকলিন। সূত্রের খবর,সলমন খানের দাবাং টুরেও তিনি এবারে যোগ দিতে পারেননি। তেমন কোনও সিনেমাতেও নাকি সুযোগ পাচ্ছেন না। ইতিমধ্যেই অভিনেত্রীকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা।

About Post Author