Home » শুরু হতে চলেছে হিলি-বালুরঘাট রেললাইন সম্প্রসারণের প্রক্রিয়া

শুরু হতে চলেছে হিলি-বালুরঘাট রেললাইন সম্প্রসারণের প্রক্রিয়া

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় বছরের মধ্যেই হিলি-বালুরঘাট রেললাইন সম্প্রসারণের প্রক্রিয়া সম্পন্ন হবে। ২০২৪ সালের মার্চের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হবে বলেই জানিয়েছেন উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা। বালুরঘাট স্টেশন পরিদর্শনে এসে সোমবার এমনটাই জানালেন তিনি। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন আগেই বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

সোমবারই বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা জেলার বুনিয়াদপুর, গঙ্গারামপুর স্টেশন পরিদর্শনের পাশাপাশি বালুরঘাট রেল স্টেশন পরিদর্শন করেন। তারপর এদিন রাতে বালুরঘাট স্টেশনে এসে আগামী দেড় বছরের মধ্যে হিলি বালুরঘাট রেললাইন সম্প্রসারণ প্রক্রিয়ার কাজ শেষ করার কথা ঘোষণা করেন তিনি। আগামী ২০২৪ সালের মার্চের আগেই এই কাজ সম্পন্ন হবে বলেই জানান তিনি।

২০১০ সালে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণ করার কথা ঘোষণা করে রেল মন্ত্রক। তারপরই এই কাজের জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ মেলে। বালুরঘাট থেকে ডাঙি হয়ে কামারপাড়া দিয়ে হিলি পর্যন্ত রেলপথের সম্প্রসারণের জন্য মোট ৪১০ একর জমি চিহ্নিত হয়। আত্রেয়ী নদী ও বেশ কয়েকটি ছোট জলাশয়ের মাঝে রেলব্রিজের পিলারও তৈরি করা হয়। কিন্তু, জমি অধিগ্রহণে সমস্যার জেরে মাঝপথেই কাজ থেমে যায়। এই প্রকল্প নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়। এরপরই হাইকোর্টের নির্দেশেই নড়েচড়ে বসে কেন্দ্র ও রাজ্য৷

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘বালুরঘাট হিলি রেল লাইন সম্প্রসারণের কাজ আগামী দেড় বছরের মধ্যেই শেষ হবে। এছাড়াও বুনিয়াদপুর ও গঙ্গারামপুরে দ্বিতীয় প্লাটফর্ম ও গঙ্গারামপুরে ওভার ফুটব্রিজের কাজও হবে।’

About Post Author