Home » শ্লীলতাহানির অভিযোগ দুই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে

শ্লীলতাহানির অভিযোগ দুই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্কঃ মধ্যপ্রদেশের দুই কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রেওয়াঞ্চাল এক্সপ্রেস-এ ফার্স্ট ক্লাস কামরায় সাত মাসের শিশুপুত্রকে নিয়ে শুক্রবার মধ্যপ্রদেশের রেওয়া থেকে ভোপাল যাচ্ছিলেন এক মহিলা। ট্রেনের সেই কামরাতেই মধ্যপ্রদেশের দুই কংগ্রেস বিধায়ক, সিদ্ধার্থ কুশওয়াহা এবং সুনীল সরাফ ছিলেন। অভিযোগ, দুই বিধায়কই মদ্যপ অবস্থায় ছিলেন । এমনকী দু’জনেই অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই মহিলাকে। এরপরেই শুরু হয় একসঙ্গে খাওয়ার জন্য জোরজবরদস্তি, হাত ধরে টানাটানি। এহেন পরিস্থিতিতে মহিলা তাঁর স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করে গোটা ঘটনা জানান। এরপরই টুইটের মাধ্যমেই রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ওই মহিলার স্বামী। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। গোটা ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।

সূত্রের খবর, ওই মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতেই জব্বলপুরের কন্ট্রোল রুম থেকে এই বিষয়ে খবর পেয়েই তৎপর হন মধ্যপ্রদেশের সাগর রেলস্টেশনের জিআরপি। এরপরই এদিন রাত একটা নাগাদ দ্রুত সাহায্যের জন্য এগিয়ে যান তারা। ইতিমধ্যেই অভিযুক্ত দুই বিধায়কের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে।
যদিও চলন্ত ট্রেনে সহযাত্রীর শ্লীলতাহানির অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত দুই বিধায়ক। সাতনার বিধায়ক সিদ্ধার্থ কুশাওয়াহার দাবি, ওই মহিলা সন্তানকে নিয়ে একা যাচ্ছেন দেখে তাঁকে নিজের সিট ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপরই সৌজন্যের খাতিরেই কোটমার বিধায়ক সুনীল সরাফ তাঁকে একসঙ্গে খেতেও বলেন। এমনকী ওই মহিলার শিশুপুত্রের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণে ট্রেনের লাইট নিভিয়ে ফোনের আলো দিয়েই রাতের খাওয়া-দাওয়া সেরেছিলেন তাঁরা।

About Post Author