Home » দুর্গাপুজো কার্নিভালে দুর্ঘটনাগ্রস্ত দুর্গাপ্রতিমার ট্যাবলো

দুর্গাপুজো কার্নিভালে দুর্ঘটনাগ্রস্ত দুর্গাপ্রতিমার ট্যাবলো

সময় কলকাতা ডেস্কঃ অতিমারির রেশ কাটিয়ে দীর্ঘ দু’বছর পর স্বাভাবিক ছন্দে ফিরেছে জনস্রোত। আর সে কারণেই এবারের দুর্গাপুজো কার্নিভাল নিয়ে রয়েছে বাড়তি উন্মাদনা। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আরও বেশি। ইতিমধ্যেই শহরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। বিকেল সাড়ে ৪টে নাগাদ কার্নিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারইমধ্যে এবার দুর্ঘটনাগ্রস্ত দুর্গাপ্রতিমার ট্যাবলো। জানা গিয়েছে, শনিবার রামমোহন সম্মিলনী দুর্গাপুজোর প্রতিমা সহ একটি ট্যাবলোতে ধাক্কা মারে বেপরোয়া ট্যাক্সি। ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলেই সূত্রের খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে রামমোহন সম্মিলনীর ট্যাবলো। এই ঘটনায় পুজো কমিটির পক্ষ থেকে হেস্টিংস থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে,জঙ্গলকন্যা থিমে সজ্জিত ওই রামমোহন সম্মিলনীর সঙ্গে থাকবেন ঝাড়গ্রাম থেকে আসা শিল্পীরা। আর নেতৃত্ব দেবেন বীরবাহা হাঁসদা। তবে ট্যাবলোটির মেরামতির চেষ্টা চলছে বলেই জানিয়েছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

শনিবার দুপুর ২টো থেকে রাত ১১টা পর্যন্ত তিলোত্তমার একাধিক রাস্তায় ট্র্যাফিক বন্ধ থাকবে। আর যান চলাচল নিয়ন্ত্রিত হবে বিকল্প পথে। পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে দুপুর ৩টের পর থেকে। শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থায় জন্য ২৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। রেড রোড সহ ময়দান চত্বরকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন ডিসি পদমর্যাদার অফিসার। তাঁদের পরিচালনায় আবার আটজন জয়েন্ট সিপি থাকবেন। এছাড়াও রয়েছে আটটি ওয়াচ টাওয়ার। পাশাপাশি পুলিশি সহায়তা কেন্দ্র রয়েছে ১০টি। অন্যদিকে কুইক রেসপন্স টিম রয়েছে ৫টি। এছাড়াও ৫টি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। দুপুর ১২টা থেকেই পুজো কার্নিভ্যালের দায়িত্বে রয়েছে গোয়েন্দা বিভাগ। রেড রোডে থাকবে কম্যান্ডো বাহিনীও।

About Post Author