Home » গোপনে করার দরকার নেই,ওপেন করুক : দিলীপ ঘোষ

গোপনে করার দরকার নেই,ওপেন করুক : দিলীপ ঘোষ

সময় কলকাতা ডেস্কঃ সমাপ্ত দুর্গাপুজো। রাস্তার ধারে বসে আন্দোলন করা ছেলে মেয়েদের জীবনে সব সংকট দূর হয়ে যেন সুখ-শান্তি আসে, মায়ের কাছে এমনটাই চাইলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মাকে বলেছি আগামীবার যেন আমরা সুখে সংকটমুক্তভাবে জীবন কাটাতে পারি।”

সোমবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বিভিন্ন ইস্যুতে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন, মুকুল রায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ দিলেন তিনি । মুকুল-মমতার একান্ত বৈঠক নিয়ে বলেন, ‘ গোপনে করার দরকার নেই, ওপেন করুক না। বিজেপির বিরুদ্ধে অনেক গোপন চক্রান্ত হয়েছে। বিরোধীরা প্রস্তুত আছে। বিজেপি যেকোনও পরিস্থিতিতে লড়াই করতে প্রস্তুত। ওনারা ঠিক করুক কে বাইরে থাকবেন, কে ভিতরে থাকবেন। মুকুল রায় একসময় আপনাদের দলে ছিলেন, দলের রণনীতি জানেন, বুঝতে পারেননি তাই বেরিয়ে গিয়েছিলেন।’

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ৪০ টি সভা করবেন। তার মধ্যে বাংলার যাদবপুরেও একটি সভা করবেন। বিজেপির সংগঠিত কি না, এর উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপি সবসময় সংগঠিত ছিল, এখনও আছে। বর্তমানে দলের শক্তি আরও বাড়ছে। আগে জনপ্রতিনিধি ছিল না কিন্তু এখন এমপি-এমএলএ রয়েছে। রাজ্য সরকারকে খোলা ময়দানে টেক্কা দিতে পারছি।’

সম্প্রতি, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অমিত শাহকে শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন। এ নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ‘বাংলায় আইনশৃঙ্খলা নেই। গত কয়েকমাসে বহু হত্যা হয়েছে। সুপারি কিলার দিয়ে হত্যা করা হচ্ছে। সামাজিক অপরাধ বেড়ে চলেছে। দুর্ভাগ্যের বিষয় সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। বরং তারা অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।’

 

About Post Author