সময় কলকাতা ডেস্কঃ ফের বীরভূমে সিবিআই হানা। বুধবার সকালে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ দিদির রাইস মিলে হানা দিলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, মিলের সমস্ত নথি এবং কাগজপত্র নিয়ে মিলের বর্তমান ম্যানেজারকে দেখা করতে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আরও বেশ কিছু তথ্যের জন্য মিলে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই-এর তরফে জানানো হয়েছে আগামী সোমবারের মধ্যে ওই সংশ্লিষ্ট সব নথি জমা দিতে হবে । সুকন্যার পাশাপাশি সংস্থার ডিরেক্টর বিদ্যুৎ বরণ গায়েনকেও নোটিস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার বীরভূমের আরও একটি রাইস মিলে হানা দিয়েছে সিবিআই।
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তারপর ১৭ আগস্ট ফের তাঁর বাড়িতে যায় সিবিআই। অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য । পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই তাঁকে জেরা করতে যায় সিবিআই। কিন্তু তখন সিবিআইকে সহযোগিতা করতে রাজি হননি সুকন্যা।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল বর্তমানে রয়েছেন আসানসোলের জেলে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি