Home » জম্মুতে ১ বছর থাকলেই মিলবে ভোটাধিকার

জম্মুতে ১ বছর থাকলেই মিলবে ভোটাধিকার

সময় কলকাতা ডেস্কঃ ১ বছর জম্মুতে থাকলেই মিলবে ভোটাধিকার। সেখানকার ভূমিপুত্র না হলেও জম্মু ও কাশ্মীরে ভোটাধিকার মিলবে। আগস্ট মাসেই ঐতিহাসিক ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এবার জম্মুর ডেপুটি কমিশনারের নির্দেশ, জম্মুতে এক বছরের বেশি সময় ধরে বসবাস করছেন যাঁরা, তাঁদেরই ভোটার বলে গণ্য করা হবে। সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত তহসিলদারদের জানানো হয়েছে, যাঁরা এক বছরের বেশি সময় ধরে থাকছেন, তাঁদের সার্টিফিকেট ইস্যু করার জন্য। এই নির্দেশিকার তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।

‘জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স’-এর পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘সরকার জম্মু ও কাশ্মীরে ২৫ লক্ষ অ-স্থানীয় ভোটারকে অন্তর্ভুক্ত করতে চাইছে। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। বিজেপি নির্বাচনকে ভয় পাচ্ছে।জম্মু ও কাশ্মীরের মানুষ এই ষড়যন্ত্রের যোগ্য জবাব দেবে ব্যালট বাক্সে।’

২০১৯ সালে ৩৭০ ধারার অবলুপ্তির পরই ‘স্পেশাল স্ট্যাটাস’ হারায় জম্মু ও কাশ্মীর। এরপরই উপত্যকা পরিণত হয় কেন্দ্রশাসিত অঞ্চলে। সেই সময়ের পর থেকে এই প্রথম নির্বাচনী সংশোধনের পথে হাঁটছে প্রশাসন। এই পরিস্থিতিতেই মঙ্গলবার এই নির্দেশ জারি করে জম্মুর ডেপুটি কমিশনার। সেই সঙ্গে জানানো হয়েছে যে কোনও যোগ্য ভোটার যাতে তালিকার বাইরে না থাকেন, সেই কারণে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, জল বা ইলেকট্রিকের বিল, গ্যাস সংযোগের নথি, ব্যাংকের পাসবই, পাসপোর্ট, জমির দলিল ইত্যাদিকেই দাখিল করা যাবে।

About Post Author