Home » কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা

কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা

Oplus_131072

প্রীতম ভট্টাচার্য, সময় কলকাতা : কলকাতা থেকে হিমাচল এবার আরও সহজ, সরাসরি ট্রেন পরিষেবায় খুশি পর্যটকরা।হিমাচল প্রদেশ ভ্রমণ এখন আরও সুবিধাজনক হয়ে উঠল বাংলার পর্যটকদের জন্য। উনা জেলার আম্ব আন্দাউরা রেল স্টেশন থেকে কলকাতা পর্যন্ত নতুন সাপ্তাহিক ‘গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস’ চালু হওয়ায় দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।
বিজেপি লোকসভা সাংসদ অনুরাগ ঠাকুর এই গুরুত্বপূর্ণ ট্রেন পরিষেবার উদ্বোধন করেন। প্রায় ১,৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি মাত্র ৩১ ঘণ্টা ৩০ মিনিটে কলকাতা পৌঁছাবে, যা পর্যটন এবং যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।
এই ট্রেনটি আম্বালা, সাহারানপুর, মোরাদাবাদ, বরেলি, লখনউ, বারাণসী, পাটনা এবং আসানসোলসহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে, ফলে উত্তর ভারতের বিভিন্ন শহরের সঙ্গে বাংলার সংযোগ আরও মজবুত হবে।
১২৩২৬ নম্বর গুরুমুখী সুপারফাস্ট এক্সপ্রেস প্রতি শনিবার সকাল ৬টা ১০ মিনিটে আম্ব আন্দাউরা থেকে ছেড়ে রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে কলকাতায় পৌঁছাবে। ফিরতি পথে ১২৩২৫ নম্বর ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে শুক্রবার বিকেল ৪টা ৫৫ মিনিটে আম্ব আন্দাউরায় পৌঁছাবে।
এই ট্রেনে রয়েছে এসি ২-টায়ার, এসি ৩-টায়ার, এসি ৩-টায়ার ইকোনমি এবং স্লিপার ক্লাস কোচ—যা সব ধরনের যাত্রীর জন্য আরামদায়ক ভ্রমণের সুযোগ করে দেবে।
পর্যটন বিশেষজ্ঞদের মতে, এই নতুন ট্রেন পরিষেবা বাংলার পর্যটকদের জন্য হিমাচলের পাহাড়ি সৌন্দর্য উপভোগের পথ আরও সহজ করে দিল। পরিবার, বন্ধু বা একক ভ্রমণ—সব ক্ষেত্রেই এই সরাসরি ট্রেন সংযোগ হবে অত্যন্ত জনপ্রিয়।।

About Post Author