Home » সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি, জানাল হাইকোর্ট

সায়গলকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি, জানাল হাইকোর্ট

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি। মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে হাইকোর্টে আবেদন করেছিল ইডি। মঙ্গলবার ইডি-র সেই আর্জি খারিজ করে দিল আদালত। হাইকোর্ট জানিয়েছে, সায়গল হোসেনকে বাংলার বাইরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে না। যা করার বাংলাতেই করতে হবে।

উল্লেখ্য, ইডি সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে তদন্ত করতে চেয়ে আবেদন করেছিল আসানসোল আদালতে। কিন্তু বিশেষ সিবিআই আদালত কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দিয়েছিল। তারপরেই হাইকোর্টে মামলা করে ইডি। কিন্তু সেখানেও ধাক্কা খেল ইডি। গরু পাচার মামলায় অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই হেফাজতের পর সায়গল ছিলেন জেল হেফাজতে। গত সপ্তাহেই সায়গলকে আসানসোল জেলের মধ্যেই গ্রেফতার করেছে ইডি।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় ২০২০ সালে এনামুল হককে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে তিহার জেলে রয়েছে এনামুল হক। এনামুলের সঙ্গে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের ঘনিষ্ঠতা থাকায় সায়গল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছে সে। জানা গিয়েছে, সায়গল হোসেনের সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। একজন সামান্য সরকারি কর্মচারীর এত সম্পত্তির উৎস কি ? তা জানতেই সায়গলকে দিল্লির সদর দফতরে নিয়ে গিয়ে জেরার আবেদন জানায় ইডি। অনুমতি পেতে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন জানায় ইডি । তবে এই আবেদন খারিজ করে দেয় আদালত। এবার সেই আবেদনও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

About Post Author