সময় কলকাতা ডেস্কঃ প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার করা হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। আপাতত এই বিষয়ে কোন হস্তক্ষেপ করবে না আদালত, জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ। আগামী সোমবার ফের এই মামলার শুনানি।
গত সোমবার রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করেছে ইডি, সেখানে নাম রয়েছে মানিকের। তাই ইডির নজরে ছিলেন মানিক। কিন্তু পুজোর আগে সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পান মানিক ভট্টাচার্য। তাই ফের আদালতের দ্বারস্থ হন তিনি। এই গ্রেফতারি যুক্তিযুক্ত কি না, সেই প্রশ্ন তুলে আবেদন জানিয়েছেন তাঁর আইনজীবী মুকুল রোহাতগি। বুধবার সকালে ছিল সেই শুনানি।

প্রসঙ্গত, নিয়োগের পরীক্ষার ওএমআর শিট সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মানিককে গ্রেফতার করার অনুমতি দিয়েছিলেন সিবিআইকে। সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে সিবিআই তদন্তের ক্ষেত্রে রক্ষাকবচ দিয়েছিল। ৩০ সেপ্টেম্বরে দেওয়া নির্দেশ অনুযায়ী, মানিকের রক্ষাকবচের মেয়াদ বেড়ে ১০ অক্টোবর পর্যন্ত হয়। তবে সিবিআইয়ের তদন্তের ক্ষেত্রে মানিক রক্ষাকবচ আনলেও ইডির ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। ফলে ইডির মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে কোন অসুবিধা ছিল না। তাই সোমবার সিজিও কমপ্লেক্সে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করা হয়। জিজ্ঞাসাবাদের পরই সোমবার রাতেই গ্রেফতার হন তিনি।


More Stories
এবার ছটপুজোয় মাংসের দোকান বন্ধের নির্দেশ
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?