Home » ফের জনপ্রিয় টেলি অভিনেত্রীর রহস্যমৃত্যু

ফের জনপ্রিয় টেলি অভিনেত্রীর রহস্যমৃত্যু

সময় কলকাতা ডেস্কঃ ফের শোকের ছায়া টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। প্রয়াত ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত অভিনেত্রী বৈশালী ঠক্কর। রবিবার সকালে ইন্দোরের বাড়ি থেকেই অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেইসঙ্গে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি টেলিভিশন দুনিয়ায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যপ্রদেশের ইন্দোরের তেজাজি নগর থানার পুলিশ।

গত বছর এপ্রিলেই এনগেজমেন্টের খবর দিয়েছিলেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় হবু বর ডাক্তার অভিনন্দন সিং-এর ছবিও শেয়ার করেছিলেন। যদিও একমাস পরেই বৈশালী জানিয়ে দিয়েছিলেন তিনি আর অভিনন্দনকে বিয়ে করতে চান না। তারপর বিয়ে ভেঙ্গেও যায়।

একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছিলেন বৈশালী। ২০১৬ সালে ‘ইয়ে রস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনের দুনিয়ায় পা রাখেন বৈশালী ঠক্কর। এরপরে ‘ইয়ে হ্যায় আশিকি’ ধারাবাহিকে বৃন্দার ভূমিকায় দেখা যায় তাঁকে। ‘শ্বশুরাল সিমর কা’ , ‘লাল ইশক’ এবং ‘সুপার সিস্টার’ ধারবাহিকেও অভিনয় করেছিলেন বৈশালী। শেষবার তাঁকে দেখা গিয়েছে ‘রক্ষাবন্ধন’ ধারাবাহিকে।
ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য এমএস হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি এই রহস্য মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা,তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author