Home » বড়সড় বদল আসতে চলেছে ক্যানসারের চিকিৎসায়

বড়সড় বদল আসতে চলেছে ক্যানসারের চিকিৎসায়

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী দশকের শুরুতেই বড়সড় বদল আসতে চলেছে ক্যানসারের চিকিৎসায়। কেননা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই মারণ রোগের টিকা।

সূত্রের খবর,করোনা অতিমারির সময়ই ক্যানসারের টিকা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে বলেই জানিয়েছিলেন বায়োএনটেক সংস্থার প্রতিষ্ঠাতা ওজলেম টুরেসি। ২০৩০ এর মধ্যে ক্যান্সারের টিকার সাহায্যে এই রোগ নির্মূল করা সম্ভব হবে বলেই বিশ্বাস বায়োএনটেক সংস্থার। আর এই মারণ রোগের টিকা আবিষ্কার হলে ক্যানসার রোগীরা আশার আলো দেখবেন বলেই মত চিকিৎসকদের।

কিছুদিন আগেই দিল্লিতে জরায়ুর ক্যান্সারের টিকাকরণের সূচনা করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই টিকা প্রস্তুত করেছিল। জরায়ু বা সার্ভিক্যাল ক্যানসারের এই টিকার নাম কোয়াড্রিভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমাভাইরাস ভ্যাকসিন।
জানা গিয়েছে,জাতীয় টিকাকরণ কর্মসূচির অধীনে ৯ থেকে ১৪ বছর বয়সের মেয়েদের জন্য এই টিকাকরণ শুরু হবে। এই টিকার আওতায় দেশের মেয়েদের প্রত্যেককে আনা গেলে সম্ভবত ৩০ বছর পরে দেশ জরায়ু ক্যানসার মুক্ত হতে পারে বলেই আশার আলো দেখছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজ়রি গ্রুপ অন ইমিউনাইজেশ-র কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এন কে অরোরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, জরায়ুর ক্যানসারের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রতি বছর অন্তত ৬৭ হাজার মানুষের মৃত্যু হয় এই রোগে আক্রান্ত হয়ে। গবেষণায় দেখা গিয়েছে, এই ভ্যাকসিন রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করবে। আর দেশীয়ভাবে তৈরি এই ভ্যাকসিন অনেকটাই সস্তা হবে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া গত ১২ জুলাই এই টিকাকে ছাড়পত্র দেয়।

About Post Author