Home » নতুন ফিচার নিয়ে এল নেটফ্লিক্স

নতুন ফিচার নিয়ে এল নেটফ্লিক্স

সময় কলকাতা ডেস্কঃ নয়া ঘোষণা নেটফ্লিক্সের। ‘প্রোফাইল ট্রান্সফার’ নামক নতুন ফিচার নিয়ে এল নেটফ্লিক্স। ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে নতুন এই ফিচার ব্যবহারকারীদের তাঁদের নিজস্ব মেম্বারশিপ শুরু করার সময় ব্যক্তিগত সুপারিশ, সার্চ হিস্ট্রি, ‘মাই লিস্ট’, সংরক্ষিত গেম এবং অন্যান্য পছন্দগুলি একটি নতুন অ্যাকাউন্টে স্থানান্তর করতে দেয়। ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ‘প্রোফাইল ট্রান্সফার’ ফিচারের সুবিধা মিলতে শুরু করলেই তাঁদের কাছে ইমেলের মাধ্যমে একটি নোটিফিকেশন যাবে। মূলত পাসওয়ার্ড শেয়ার করার থেকে বিরত রাখতে এই নতুন ফিচার আনা হয়েছে।

কিছুদিন আগেই নতুন প্ল্যান লঞ্চের ঘোষণা করেছিল নেটফ্লিক্স। সেসময় জানানো হয়েছিল,এবার থেকে ইউটিউবের মত বিজ্ঞাপন দেখাবে নেটফ্লিক্স। আপাতত ইতালি, জাপান, কোরিয়া, মেক্সিকো, স্পেন,ইউনাইটেড কিংডম,অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করেছে সংস্থাটি।

নেটফ্লিক্স সূত্রে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যানের দাম প্রায় ৫৭০ টাকা। ইউনাইটেড কিংডমে নেটফ্লিক্স গ্রাহকদের বেসিক প্ল্যান উইথ অ্যাড রিচার্জ করতে হবে প্রায় ৪০০ টাকা। এছাড়াও কানাডায় এই প্ল্যানে প্রায় ৩৬০ টাকা খরচ হবে। জানা গিয়েছে,আগামী ৩ নভেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্ল্যান লঞ্চ করবে নেটফ্লিক্স। অন্যদিকে দিকে ১ নভেম্বর থেকেই কানাডা ও মেক্সিকোতে এই প্ল্যান শুরু হয়ে যাবে। যদিও ভারতে এই প্ল্যান কবে লঞ্চ হবে,সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

সূত্রের খবর, সস্তার এই প্ল্যানে শুধুমাত্র বিজ্ঞাপন দেখানো হবে। যদিও পার্সোনালাইজড ইউজার এক্সপেরিয়েন্স, কানেকটেড ডিভাইসের সংখ্যা, কনটেন্ট ও বাতিলের উপায়ে বেসিক প্ল্যান ও বিজ্ঞাপন সহ বেসিন প্ল্যানে কোন পার্থক্য থাকছে না। নভেম্বর মাস থেকেই ১২টি দেশের নেটফ্লিক্স গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করতে পারবেন। সেক্ষেত্রে বিজ্ঞাপন সহ বেসিক প্ল্যানে ভিডিয়ো স্ট্রিমের সময় প্রতি ঘণ্টায় ৪-৫ মিনিট বিজ্ঞাপন দেখতে হবে।

About Post Author