Home » নামখানায় ট্রলারে আগুন

নামখানায় ট্রলারে আগুন

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার নামখানায় ট্রলারে আগুন! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রলারটির নাম এফবি শঙ্খধ্বনি। ট্রলারের ভিতরে থাকা ব‍্যাটারিতে শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান।

জানা গিয়েছে, স্থানীয় হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর অবস্থান করছিল এফবি শঙ্খধ্বনি নামে ওই ট্রলারটি। আগুনের কারণে কালো ধোঁয়ায় ছেয়ে যায় সমস্ত এলাকা। ওই ট্রলারের আশেপাশে থাকা ট্রলারগুলিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রলারে থাকা ব‍্যাটারিতে শর্ট সার্কিট হওয়ার ফলে এই আগুন লাগে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রলারে আগুন লাগার পরই ওই ট্রলার থেকে বিপদসংকেত দেওয়া হয়। এরপর অন‍্যান‍্য ট্রলার দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টায় শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে এগিয়ে আসে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নামখানা থানার পুলিশ। এই আগুন লাগার ঘটনায় ট্রলারের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। লক্ষাধিক টাকার জাল ও অন‍্যান‍্য মাছ ধরার সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

About Post Author