সময় কলকাতা ডেস্কঃ জোরকদমে চলছে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং। বৃহস্পতিবার থেকেই এই ছবির শ্যুটিং শুরু হয়ে গেল হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে। রাজবাড়ির মাঠের পাশাপাশি ছবির শুটিং-এর জন্য বেছে নেওয়া হয়েছে আন্দুল ইস্ট কেবিনকে। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। ছবিটির পরিচালনা দায়িত্বে রয়েছেন প্রসিত রায়।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল অনুষ্কাকে। তারপর থেকে অভিনেত্রী হিসেবে তাঁকে বড়পর্দায় আর দেখা যায়নি। এদিন ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে অনুষ্কার পরনে মেরুন রংয়ের স্কার্ট ও সাদা শার্ট। হাতে রয়েছে ব্যাট।

এর আগে ইংল্যান্ডে ছবির শুটিং-এর সময় অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামীর একটি ছবি শেয়ার করে তার নিচে লেখেন, প্রেরণা, আদর্শ, একজন লেজেন্ড। ইতিহাসে তোমার নাম থেকে যাবে। মেয়েদের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সূত্রের খবর, ঝুলনের বায়োপিক সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমাটি। দেশের বিভিন্ন জায়গায় শুটিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নদিয়াতেও এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে,চাকদহ থেকে ঝুলনের যে জার্নি শুরু হয়েছিল, এই সিনেমায় তা তুলে ধরা হবে। চাকদহ স্টেশন, খেলার মাঠ সহ বেশ কিছু জায়গাতেই শুটিং করবেন অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই ব্রিটেনে সিনেমার শুটিং হয়ে গিয়েছে।

সূত্রের খবর, ২০২৩ সালে জানুয়ারি মাসেই মুক্তি পেতে পারে ‘চাকদহ এক্সপ্রেস’। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ঝুলন গোস্বামী নিজেও এই ব্যাপারে কিছু বলতে নারাজ।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা