সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারি এলাকার এক যুবকের। মৃত যুবকের নাম সায়ন ঘোষ চৌধুরী। পরিবার সূত্রে জানা গিয়েছে,গত সোমবার থেকে জ্বরে ভুগছিলেন বছর চব্বিশের যুবক। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর ওইদিনই বেহালার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর। হাসপাতাল থেকে জানানো হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে সায়ন ঘোষের।
গত এক সপ্তাহ ধরে রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডেঙ্গি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন সংখ্যা ৬ হাজার ৬৮০ জন। কলকাতায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৯৫ জন। তার মধ্যে বিধাননগর পুর এলাকাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক। অন্যদিকে দক্ষিণ দমদমে এই মুহূর্তে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ১৪৪। দৈনিক গড়ে ১২-১৫ জন ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন বলেই পুরসভা সূত্রের খবর। পাশাপাশি হুগলিতে এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৭৬।
ইতিমধ্যেই রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধের পাশাপাশি, আরও বেশি করে রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর-সহ বেশ কয়েকটি জেলায় কেন ডেঙ্গি বাড়ছে? তা নিয়েও গত সপ্তাহে একটি বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির প্রাদুর্ভাব সবচেয়ে উদ্বেগজনক। প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে বলেই জানান মুখ্যসচিব। ডেঙ্গি প্রতিরোধে সাফাই অভিযান কতটা হচ্ছে? ঠিকমতো মানুষের কাছে প্রচার করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গি মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডস্তরে মাইক্রো প্ল্যান করার নির্দেশও দেন তিনি। বিধাননগর ও দক্ষিণ দমদম পুরনিগমকে ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের তরফে ফাঁকা জমি ও দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় থাকা বাড়িগুলিতে নজরদারি বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুরনিগমের তিনটি হাসপাতালে বেডের সংখ্যাও বাড়াতে বলা হয়েছে। অন্যদিকে ফের একবার স্বাস্থ্য ভবনের কর্তারা ড্রোন উড়িয়ে খালগুলিতে জীবাণুনাশক স্প্রে করার কথাও মনে করিয়ে দিয়েছেন। এছাড়াও কালীপুজো প্যান্ডেলগুলির উপরেও বিশেষ নজর দিতে বলা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !