সময় কলকাতা ডেস্কঃ অর্ধ শতাব্দী কাল ধরে রাজ্যে কালীপুজোর মানচিত্রে বারাসাতের কালীপুজোর এক স্বতন্ত্র স্থান রয়েছে। বারাসাতের যে বিভিন্ন ক্লাবগুলি বড় বাজেটের পূজা করে বরাবরই দর্শকদের নজর টানে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য সন্ধানী ক্লাবের পুজো। এ বছর থিমের পুজো করে দর্শকদের চমক দিল সন্ধানীর উদ্যোক্তারা। তাদের থিমের মধ্যে যত না বৈচিত্র্য তার চেয়ে অনেক বেশি বৈচিত্র্য রয়েছে তাদের থিমের উপস্থাপনায়। পাহাড় থেকে মা আসছেন সমতলে এই থিমকে তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছেন।
বারাসাতের কালী পূজার একটি নিজস্ব ঘরানা আছে। বারাসাতের অধিকাংশ বড় পুজোই স্থাপত্য অনুসারী মণ্ডপ ভাবনা দিয়ে দর্শকদের বারবার আকৃষ্ট করে এসেছে। কিছুক্ষেত্রে থিম নির্ভর পুজোয় মন্ডপ সজ্জার ভাবনা দর্শকদের সামনে তুলে ধরা হয়। সন্ধানী এবার তাদের অভিনব থিম বেছে নিয়েছে যার রূপায়ণে যুক্ত হয়েছে প্রযুক্তি। এখানে থিম-পাহাড় থেকে মা আসছেন সমতলে। আর এই থিম ভাবনা সফল করতে ব্যবহার করা হয়েছে ১৪ ফুট উঁচু লিফট। আর এই লিফটে করেই শ্যামা মা উপর থেকে নিচে নামবেন। প্রযুক্তি মিশে গেছে থিমের সঙ্গে। নতুন প্রজন্ম ও নতুন যুগের সঙ্গে সঙ্গে দর্শকদের মনে আধুনিক ভাবনা দিয়ে রেখাপাত করতে সচেষ্ট সন্ধানের উদ্যোক্তারা। আর এই থিমের পুজোমণ্ডপ দেখার জন্য উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।

পুজোর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম প্রধান বারাসাত পুরসভার পুর পারিষদ অভিজিৎ নাগ চৌধুরী জানিয়েছেন, করোনা কালের পরের উৎসবমুখী দর্শকদের টানতে তাদের এই ভাবনার কথা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই রয়েছে চন্দননগরের আলোকসজ্জা ও কুমারটুলির প্রতিমা। জেলা ও রাজ্যের মধ্যে সন্ধানীর কালীপুজোর আয়োজনের আলাদাই বিশেষত্ব রয়েছে। বারাসতের কালীপুজোর দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যে এবার নতুন মাত্রা সংযোজন করতে চলেছে সন্ধানীর কালীপুজো। তাদের এই প্রযুক্তি নির্ভর থিম দর্শকদের ব্যাপক আকর্ষণ করছে।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
অর্জুন সিংকে ‘চমকানো’ বনিকে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ