সময় কলকাতা ডেস্কঃ অর্ধ শতাব্দী কাল ধরে রাজ্যে কালীপুজোর মানচিত্রে বারাসাতের কালীপুজোর এক স্বতন্ত্র স্থান রয়েছে। বারাসাতের যে বিভিন্ন ক্লাবগুলি বরাবরই দর্শকদের নজর টানে তার মধ্যে উল্লেখযোগ্য বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতি। মা কালীর আরাধনার আয়োজন সর্বাঙ্গীন করে তুলতে সর্বজনীন কালীপুজোর শিল্পী ও উদ্যোক্তারা দিন রাত এক করে পরিশ্রম করছেন। শিবের ত্রিরূপের মধ্যে দিয়ে সংহারের বিপরীতে সৃষ্টিকে মন্ডপ ভাবনায় ফুটিয়ে তুলতে উদ্যোগী হয়েছে বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতি।
নবপল্লী ব্যায়াম সমিতির ৭১ তম বর্ষে কালী পুজার মন্ডপ ভাবনা তথা থিমের মধ্যে মিশে রয়েছে পালন, সৃষ্টি ও সংহারের বার্তা।শিব পুরাণে মহেশ্বর স্বয়ং যেখানে বক্তা , সেখানে তিনি বলছেন তিনি সৃষ্টি, পালন ও সংহারের কর্তা। তাঁর স্বরূপ স-গুণ ও নির্গুণ। শিবই সচ্চিদানন্দ নির্বিকার পরমব্রহ্ম ও পরমাত্মা। সৃষ্টির রচনা, রক্ষা ও প্রলয়রূপ গুণের কারণে শিবই ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র নাম ধারণ করে তিন রূপে বিভক্ত হয়েছেন। নবপল্লী ব্যায়াম সমিতির পুজোর থিমে মহেশ্বরের সংহার,পালন সৃষ্টির রূপ ফুটে উঠেছে। বারাসাতের কলোনি মোড়ের লাগোয়া এই পুজোয় মন্ডপসজ্জা আলোকসজ্জা প্রতিমা সবকিছুই বরাবরই অত্যন্ত দর্শনীয় । আর এই নবপল্লী ব্যায়াম সমিতির পুজোমন্ডপ দেখার জন্য উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।

বিগত দু’বছর ধরেই করোনার কারণে উৎসব বিমুখ হয়ে থাকতে হয়েছে বাঙালিকে। শরৎকালে এ বছর উমার আরাধনায় বঙ্গের প্রতিটি প্রান্ত উৎসব মুখর হয়েছে। করোনার দাপটে গতবছর যখন বারাসাতের বিগ বাজেটের পুজো গুলি তাদের আকার ও আয়তন কমিয়ে এনেছিল, তখনও বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতি চোখ ধাঁধানো কালীপুজোর আয়োজন করেছিল। এবার ৭১ তম বর্ষে পদর্পণ করেছে নবপল্লী ব্যায়াম সমিতি। প্রতিমা বরাবরই দীর্ঘাকৃতি হয়ে থাকে নবপল্লী ব্যায়াম সমিতিতে। এবারও তার অন্যথা হয়নি। গত বছর আলোর রোশনাই যেভাবে নজর কেড়েছিল দর্শনার্থীদের, সেই একই মুগ্ধতা এবারের দর্শকদেরও আচ্ছন্ন করেছে বলেই দৃঢ় বিশ্বাসী নবপল্লী ব্যায়াম সমিতির উদ্যোক্তারা।

২০১৯ সালের পরে বারাসাতে আবার দীপান্বিতা দীপাবলীর উৎসব সাড়ম্বরে পালন করছে। বারাসাতের কালীপুজোর সুপ্রাচীন ঐতিহ্যের অন্যতম ধারক ও বাহক নবপল্লী ব্যায়াম সমিতির পুজো দর্শকদের মনোরঞ্জনে কোনও কার্পণ্য না রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। উদ্যোক্তারা বলছেন , এবার তাদের পুজোর আয়োজন শুধু বারাসাত নয় ,সমগ্র পশ্চিমবঙ্গবাসীর মন কেড়ে নিয়েছে।


More Stories
ঝড়ে ভেঙে পড়ল বারাসাতের কালীপুজোর ওভারহেড গেট
কালীপুজোয় শব্দবাজির দাপট, প্রতিবাদ করে বৃদ্ধার জুটল প্রহার, ভবানীপুর থেকে বারাসাত -ছবি কি আদৌ পাল্টেছে?
ধূপগুড়ির এই মন্দিরের রয়েছে প্রাচীন এক ইতিহাস! মন্দির নিয়ে প্রচলিত রয়েছে বহু অলৌকিক কাহিনী