সময় কলকাতা ডেস্কঃ উৎসবের মাঝেই বিষাদের সুর! ছটপুজোর আগেই ভয়াবহ অগ্নিকাণ্ড বিহারে। ঘটনায় ঝলসে গিয়েছেন প্রায় ৩০ জন। তার মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই সূত্রের খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকাজুড়ে।
জানা গিয়েছে, শুক্রবার ঔরঙ্গাবাদের বাসিন্দা অনিল বিশ্বাসের বাড়িতে ছটপুজোর রান্না চলছিল। বাড়ির মহিলারা পুজোর প্রসাদ তৈরিতে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রান্নাঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। আগুনের কুণ্ডলী ও ধোঁয়া দেখে পরিবারের সদস্যেরা আতঙ্কে চিৎকার শুরু করে। তাঁদের আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থলেই ঝলসে যান পরিবারের ৩০ জন সদস্য। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছণ। প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয় হাসপাতালে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই রান্নার গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঠিক কীভাবে এই আগুন লাগল তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও কারণ জানা যায়নি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর