Home » ২ নভেম্বর হাজিরা দেবেন সুকন্যা

২ নভেম্বর হাজিরা দেবেন সুকন্যা

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় সিবিআইয়ের পর অনুব্রত কন্যাকে দিল্লিতে তলব করেছে ইডি। আগামী ২ নভেম্বর অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে ইডির দিল্লির হেড কোয়ার্টারে তলব করা হয়েছে। একইসঙ্গে ২ নভেম্বর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের চার্টাড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। পাশাপাশি গরু পাচার মামলায় এবার ইডির নজরে রয়েছে অনুব্রতর একাধিক সম্পত্তি। ইডি কর্তাদের দাবি, বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর কন্যা সুকন্যার নামে একাধিক সম্পত্তির হদিস মিলেছে।

অনুব্রতর বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে উল্লেখ রয়েছে, ২০১৩-২০২২ সালের এখনও পর্যন্ত অনুব্রত ও তাঁর পরিবার সম্পত্তি কিনেছে প্রায় ১০ কোটি টাকার। সূত্রের খবর, এই ১০ কোটি আসলে হল দলিল মূল্য। বাজার মূল্য বা প্রকৃত মূল্য এর কয়েকগুণ বলেই ধারণা তদন্তকারী অফিসারদের। চার্জশিট বলছে, অনুব্রতর পরিবার এই ন’বছরের মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি কিনেছিল ২০১৪ সালে। ওই বছর অনুব্রত, তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যার নামে সাড়ে চার কোটি টাকার বেশি সম্পত্তি কেনা হয়েছিল। অনুব্রতর নামে ৮টি জমির নথি পেয়েছে সিবিআই। মণ্ডল পরিবারের প্রত্যেকটি আয়ের উৎস খতিয়ে দেখতে সুকন‌্যা ও পরিবারের সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চাই তদন্তকারীরা।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরার নির্দেশ এড়িয়েছিলেন সুকন্যা। ২৭ নভেম্বরের হাজিরাও এড়িয়েছিলেন তিনি। তবে এবার আগামী ২ নভেম্বর তিনি ইডি দফতরে হাজিরা দেবেন বলেই জানিয়েছেন।

About Post Author