Home » বয়স পেরিয়ে গেলেও নিতে হবে ইন্টারভিউ,নির্দেশ আদালতের 

বয়স পেরিয়ে গেলেও নিতে হবে ইন্টারভিউ,নির্দেশ আদালতের 

সময় কলকাতা ডেস্কঃ বয়স পেরিয়ে গেলেও হাইকোর্টের নির্দেশে এবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে। পাশ করলে দিতে হবে নিয়োগও। নিয়োগ দুর্নীতি মামলায় এবার এমনটাই রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এই মামলার রায়দানের সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,‘বোর্ডের ভুল, বোর্ডকেই শোধরাতে হবে। প্রাথমিক পর্ষদকে এখন সাধারণ মানুষ দুর্নীতি আর বেআইনি কাজের জায়গা হিসেবে চেনেন।‘

২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার প্রশ্নপত্রে ৬টি প্রশ্ন ভুল ছিল। ওই পরীক্ষায় উত্তীর্ণদের ২০১৬ ও ২০১৯ সালে নিয়োগ করে রাজ্য। এই নিয়ে কলকাতা হাই কোর্টে আলাদা করে ৬টি মামলা দায়ের করা হয়েছিল। মামলাকারীরা আর্জি জানান, ছটি প্রশ্ন ভুল ছিল। তারা সেই প্রশ্নে উত্তর দেন। ফলে প্রশ্নগুলির পুরো নম্বর তাঁদের প্রাপ্য। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি বিশেষজ্ঞ টিম তৈরি করা হয়। তাঁরা অনুসন্ধান করে হাইকোর্টকে রিপোর্ট দেয়, ছটি প্রশ্ন ভুল ছিল। ওই কমিটি জানায়, পরীক্ষার্থীদের দাবি অমূলক নয়। এদিকে মামলায় ২০১৮ সালের ৩ অক্টোবর তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেন, ওই ছ’টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই নম্বর দিতে হবে।

এরপরই হাইকোর্ট প্রথমে নির্দেশ দেয় ২৩ জনকে চাকরি দিতে হবে। পরে জানানো হয়, ওই তালিকায় আরও ৫৪ জন যুক্ত হবেন। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশিকা দিয়ে জানান, ২৮ সেপ্টেম্বরের মধ্যে ১৮৯ জনকেই চাকরি দিতে হবে। নিয়োগ হয়েছে কিনা, সেই তথ্য আদালতকে জানাবে পর্ষদ। যদিও হাতে নিয়োগ পত্র না পাওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না তাঁরা। কেননা সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে রাজ্য। সেক্ষেত্রে তাঁদের নিয়োগ প্রক্রিয়া ফের একবার থমকে যেতে পারে।

About Post Author