সময় কলকাতা ডেস্কঃ ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে মাথায় হাত মধ্যবিত্তের। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম। গত কয়েকমাস ধরে লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এবার ২০ নভেম্বর থেকে মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে রাজ্যে ফের বাড়তে চলেছে পাউরুটির দাম। রবিবার এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশেন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। তবে ২০ নভেম্বরের আগে বাড়তি দাম নেওয়া যাবেনা বলেও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে,পাউরুটির নতুন এই দাম কার্যকর হলে ৪০০ গ্রাম পাউরুটির বর্তমান দাম ২৮ টাকা থেকে বেড়ে হতে চলেছে ৩২ টাকা। ২০০ গ্রাম পাউরুটির বর্তমানে দাম রয়েছে ১৪ টাকা থেকে বেড়ে হতে চলেছে ১৬ টাকা। অন্যদিকে,১০০ গ্রাম পাউরুটির দাম বাড়ছে ৭ টাকা থেকে বেড়ে হতে চলেছে ৮ টাকা।

এ প্রসঙ্গে ইদ্রিস আলী জানান,‘জ্বালানী থেকে শুরু করে সমস্ত দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। পাউরুটি তৈরি করার জন্য যে সমস্ত কাঁচামালের দরকার হয়, সেগুলিরও অস্বাভাবিকভাবে দাম বেড়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে কম দামে পাউরুটি বিক্রি করা হয়। গুজরাট, বিহার, ঝাড়খন্ড, দিল্লি, উত্তরপ্রদেশ সমস্ত জায়গাতেই ৪০০ গ্রাম পাউরুটির দাম ৩৬ টাকা থেকে ৫০ টাকা। কিছু রাজ্যে পাউরুটির দাম ৫০ টাকারও বেশি। সেই তুলনায় পশ্চিমবঙ্গে পাউরুটির দাম অনেকটাই কম।’


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের