সময় কলকাতা ডেস্কঃ অনুষ্কা শর্মা অভিনীত ‘চাকদা এক্সপ্রেস’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। সূত্রের খবর এই ছবিতেই অভিনয় করতে দেখা যাবে ‘জামতারা’ অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে। জানা গিয়েছে,অনুষ্কা শর্মার কোচের ভূমিকায় অভিনয় করবেন তিনি।
কিছুদিন আগেই ইনস্টাগ্রামে কলকাতার ছোট্ট সফরের নানা ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। তিলোত্তমার সেরা খাবারের ছবি,বেলুড়ের গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকার ছবিও আপলোড করেছিলেন বিরাট-পত্নী। এর পাশাপাশি ভামিকাকে কোলে নিয়ে কালীঘাট মন্দির দর্শনের ছবিও আপলোড করেছিলেন তিনি। এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অনুষ্কা শর্মাকে। ছবিটির পরিচালনা দায়িত্বে রয়েছেন প্রসিত রায়।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল অনুষ্কাকে। তারপর থেকে অভিনেত্রী হিসেবে তাঁকে বড়পর্দায় আর দেখা যায়নি।
এর আগে ইংল্যান্ডে ছবির শুটিং-এর সময় অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামীর একটি ছবি শেয়ার করে তার নিচে লেখেন, প্রেরণা, আদর্শ, একজন লেজেন্ড। ইতিহাসে তোমার নাম থেকে যাবে। মেয়েদের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সূত্রের খবর, ঝুলনের বায়োপিক সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমাটি। দেশের বিভিন্ন জায়গায় শুটিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নদিয়ায় এবং কলকাতাতেও এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে,চাকদহ থেকে ঝুলনের যে জার্নি শুরু হয়েছিল, এই সিনেমায় তা-ই তুলে ধরা হবে। চাকদহ স্টেশন, খেলার মাঠ সহ বেশ কিছু জায়গাতেই শুটিং করবেন অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই ব্রিটেনে সিনেমার শুটিং হয়ে গিয়েছে।
সূত্রের খবর, ২০২৩ সালে জানুয়ারি মাসেই মুক্তি পেতে পারে ‘চাকদহ এক্সপ্রেস’। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ঝুলন গোস্বামী নিজেও এই ব্যাপারে কিছু বলতে নারাজ।


More Stories
প্রয়াণে শ্রদ্ধার্ঘ্য, হা হা করে হাসি ও কুশিক্ষা
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
ধুরন্ধর অভিনেতা নাদিম খান প্রলোভন দেখিয়ে সহবাসে অভিযুক্ত