সময় কলকাতা ডেস্ক: ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি। ফের ডেঙ্গিতে মৃত্যু। এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার অনির্বাণ হাজরার।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ৪২ বছর বয়সী বেলেঘাটা আইডি হাসপাতালের সহকারী সুপার। তার শরীরে একাধিক উপসর্গ থাকায় ডেঙ্গু পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ হওয়ায় গত ১ নভেম্বর বেলেঘাটা হাসপাতালেই ভর্তি করা হয় তাকে। শুক্রবার সকালে মৃত্যু হয় অনির্বাণ হাজরার। তাঁর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার জেলাশাসক, মুখ্যত স্বাস্থ্য আধিকারিক, মেডিক্যাল কলেজের সুপারদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালগুলিতে পর্যাপ্ত ওষুধের পাশাপাশি, আরও বেশি করে রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর-সহ বেশ কয়েকটি জেলায় কেন ডেঙ্গি বাড়ছে? সেবিষয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গির প্রাদুর্ভাব সবচেয়ে উদ্বেগজনক। প্রশাসনকে এ বিষয়ে আরও সতর্ক হতে হবে বলেই জানান মুখ্যসচিব। ডেঙ্গি প্রতিরোধে সাফাই অভিযান কতটা হচ্ছে? ঠিকমতো মানুষের কাছে প্রচার করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ডেঙ্গি মোকাবিলায় প্রতিটি ওয়ার্ডস্তরে মাইক্রো প্ল্যান করার নির্দেশও দেন তিনি। এমনকী আশাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সচেতন করারও নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি সরকারি হাসপাতালে পৃথক ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। জোর দেওয়া হয়েছে ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষার উপরেও।

পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩৯৬ জন। এখনও পর্যন্ত রাজ্যের প্রায় ৫০ হাজার বাসিন্দা ডেঙ্গিতে আক্রান্ত। সংক্রমণের নিরিখে প্রথমে রয়েছে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদ ও তৃতীয়ে কলকাতা।


More Stories
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
মানসিক ভারসাম্য হারিয়ে টালা ব্রিজের ল্যাম্প পোস্টের মাথায় কসরৎ
মৌলবাদের ভ্রূকুটি পেছনে ফেলে কলকাতায় তসলিমা নাসরিন