Home » আল কায়দা জঙ্গি সন্দেহে এসটিএফ-এর হাতে গ্রেফতার ১ 

আল কায়দা জঙ্গি সন্দেহে এসটিএফ-এর হাতে গ্রেফতার ১ 

সময় কলকাতা ডেস্কঃ আল কায়দা জঙ্গি সন্দেহে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার এক যুবক। মনিরুদ্দিন খান নামে ওই যুবককে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার করে এসটিএফ। গত শনিবার মথুরাপুরেরই বাসিন্দা আজিজুল হক নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। আজিজুলের সূত্র ধরেই মনিরুদ্দিনের সন্ধান পায় এসটিএফ।

সূত্রের খবর, আল-কায়েদা, এবিটি, একিউআইএস সহ একাধিক জঙ্গি সংগঠনের হয়ে লজিস্টিকের কাজ করত মনিরুদ্দিন। জঙ্গিদের জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দেওয়া, সেগুলি ব্যবহার করে একাধিক সিম কার্ড জোগাড় করা এবং ব্যাঙ্ক একাউন্ট তৈরি করে দিত সে। এমনকী, সোশ্যাল মিডিয়ায় আল-কায়েদার স্লিপার সেল তৈরি করা এবং সংগঠনটির হয়ে প্রচার করার কাজে জঙ্গি নেতাদের সে সাহায্য করত বলে জানতে পেরেছে পুলিশ। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে তাকে ১৪ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ আগস্ট উত্তর ২৪ পরগনার শাসন এলাকা থেকে দুই সন্দেহভাজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে দাবি, ধৃত আব্দুর রকিব সরকার এবং কাজি আহসানউল্লাহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন, ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট’-এর সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত। শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকা থেকে সূত্র মারফত খবর পেয়ে তড়িঘড়ি তাঁদের গ্রেফতার করা হয়।

About Post Author