Home » লটারিকাণ্ডে ফের সক্রিয় সিবিআই

লটারিকাণ্ডে ফের সক্রিয় সিবিআই

সময় কলকাতা ডেস্ক: লটারিকাণ্ডে আরও সক্রিয় সিবিআই। ফের গাঙ্গুলি লটারি এজেন্সির মালিক বাপি গাঙ্গুলীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও নিজাম প্যালেসে তলব করা হয়েছিল তাঁকে। গরুপাচারকাণ্ডের তদন্তে নেমে লটারির বিষয়টি সিবিআইয়ের নজরে আসে। সিবিআই সূত্রে দাবি, তদন্তে নেমে জানা যায়, অনুব্রত মণ্ডলের নামে লটারির টিকিটটি কেনা হয়েছিল বোলপুরের একটি এজেন্সি থেকে। সেই এজেন্সির মালিক বাপি গাঙ্গুলিকে চলতি মাসে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন জেরা শেষে সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি জানান, অনুব্রত মণ্ডল তাঁর এজেন্সি থেকে টিকিট কেনেননি।

উল্লেখ্য, চলতি বছরেই ডিয়ার লটারিতে এক কোটি টাকা জিতেছিলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। যা রাজ্য রাজনীতিতে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছিল। বোলপুরের ব্যবসায়ী বাপি গঙ্গোপাধ্যায়ের গাঙ্গুলি লটারি নামে একটি লটারির দোকান রয়েছে। সুত্রের খবর,সেখান থেকে ওই টিকিট কাটা হয়েছিল। কার্যত সেকারণেই জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার নিজাম প্যালেসে তলব করা হয়েছিল লটারি টিকিট বিক্রেতা বাপি গঙ্গোপাধ্যায়কে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, অনুব্রত নিজে গিয়ে কি ওই টিকিট কিনেছিলেন? নাকি কারও মারফতে কেনা হয়েছিল ওই টিকিট? কতগুলি লটারি কিনেছিলেন এবং কত টাকায় লটারি কিনেছিলেন? যদিও সিবিআই আধিকারিদের দাবি,গরু পাচারের বিশাল অঙ্কের কালো টাকা এই লটারির টিকিটের মাধ্যমেই সাদা করা হত।

About Post Author