Home » শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছনে ধাওয়া, আটক ২

শুভেন্দু অধিকারীর কনভয়ের পেছনে ধাওয়া, আটক ২

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের পিছু নিতে যাওয়া সন্দেহভাজন দুই যুবককে আটক করল কাঁথি থানার পুলিশ। ধৃতদের পরিচয় এখনও জানা যায়নি। সূত্রের খবর,বৃহস্পতিবার একটি গাড়ি এবং মোটর বাইকে চেপে শুভেন্দু অধিকারীর কনভয় ফলো করে শান্তিকুঞ্জের সামনে অবধি পৌঁছয় দুই যুবক। সেসময়ই তা দেখতে পেয়ে সিআরপিএফ জওয়ানরা তাদেরকে আটকে দেয়। ধৃতদের গাড়ির ভেতর থেকে কয়েকটি ফাইলও পাওয়া গিয়েছে। এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনও উত্তর দিতে পারায় খবর দেওয়া হয় কাঁথি থানায়। এরপরই পুলিশ গিয়ে তাদের আটক করে। সেই সঙ্গে বাইক ও গাড়িটিকেও আটক করা হয়েছে। তবে, ওই দুই যুবক এদিন ঠিক কি উদ্দেশ্যে শুভেন্দুর কনভয় অনুসরণ করেছিল, তা নিয়ে এখনও ধন্দ রয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে কাঁথি থানার এক কর্তা বলেন, ‘ওই দুই যুবককে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বাড়ি হলদিয়ার দুর্গাচকে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।’

প্রসঙ্গত,গত কয়েকমাস ধরেই একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। এই ঘটনার জেরে ইতিমধ্যেই জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে। এবিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগামী ২১ নভেম্বরের মধ্যে রাজ্যকে সেই রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

About Post Author