Home » ফের ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়

ফের ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়

সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর তিরিশের এক যুবকের। মৃত যুবকের নাম রোহিত দাস। দক্ষিণ কলকাতার সন্তোষপুরের বাসিন্দা সে। পরিবার সূত্রে জানা গিয়েছে,ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রোহিত দাস। এরপরই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় এবং লিভারেও বেশকিছু সমস্যা দেখা দেয়। ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষরক্ষা আর হয়নি। শুক্রবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

ডেঙ্গি মোকাবিলায় ইতিমধ্যেই বিশেষ নির্দেশিকা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রানাঘাটের প্রশাসনিক বৈঠক থেকেই ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশও দেন তিনি। ডেঙ্গি রোধ করতে জল ও আবর্জনা অপসারনের জন্যশ পুরসভা ও পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করতে নির্দেশ দেন। এদিন তিনি বলেন, ‘দুয়ারে সরকার কর্মসূচি থেকে ডেঙ্গি সচেতনতা প্রচার হোক। সকলে সচেতন থাকুন। যত পরিষ্কার করতে পারবে ততই ভালো।’ আর মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশের পরেই শুরু হয়ে গিয়েছে তৎপরতা। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের তরফেও বিডিও দের সঙ্গে আলোচনা করে, দুয়ারে সরকার ক্যারম্প থেকে ডেঙ্গি নিয়ন্ত্রণের কর্মসূচি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, রাজ্যে ডেঙ্গি মোকাবিলায় কোনও ব্যবস্থাই নিচ্ছে না স্বাস্থ্য দফতর।

অন্যদিকে, রাজ্যে অল্প বয়সী ডেঙ্গি আক্রান্তদের মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকমহল। সূত্রের খবর,রাজ্যে এই প্রথম ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মাত্র দু’মাসেই ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬০ জন। পাশাপাশি বিধাননগরে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। গত এক সপ্তাহ ধরে রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডেঙ্গি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। কলকাতায় এখনও পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে বিধাননগর পুর এলাকাতেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় বিধাননগর পুরনিগমকে ইতিমধ্যেই একগুচ্ছ নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। গত ৩১ আগস্ট পর্যন্ত বিধাননগর পুরনিগম এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৯৩। যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩০০। যদিও বিধাননগরের বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিধাননগরের অধিকাংশ ব্লকের পার্কেরই বেহাল অবস্থা। পার্কের মধ্যে জল জমে রয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি পার্কের ফোয়ারাগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার না হওয়ায় কারণে সেখানে মশার লার্ভা জন্মাচ্ছে।

About Post Author