Home » অখিল গিরির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের

অখিল গিরির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের

সময় কলকাতা ডেস্কঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জের। এবার রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলাও। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করে মামলার অনুমতি চেয়ে আবেদন করা হয় আদালতে। সে আবেদন মঞ্জুর হয়েছে, রুজু হয়েছে মামলা। চলতি সপ্তাহেই শুনানি সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার নন্দীগ্রামের একটি জনসভা থেকে নন্দীগ্রামে তৃণমূলের সভামঞ্চে আগুন লাগানোর প্রতিবাদ জানাতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘আমি নাকি দেখতে খারাপ। নিজের রূপের বিচার যদিও করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে সম্মান করি। কিন্তু তোমাদের রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা!’ আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে এহেন মন্তব্যের পরই সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এরপরই অখিল গিরির সেই বক্তব্যের ক্লিপিংস একটি টুইট করে বিজেপির মুখপাত্র অমিত মালব্য লেখেন, ‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আদিবাসী সম্প্রদায়ের মানুষ। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন রাজ্যের আরও এক মন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার আদিবাসী বিরোধী। তিনি রাষ্ট্রপতি মুর্মুকে সমর্থন করেননি। এই ঘটনা লজ্জাজনক!’ পাশাপাশি, অখিল গিরির মন্তব্যের নিন্দা করে টুইট করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। অবিলম্বে অখিল গিরির বিধায়ক পদ খারিজের দাবি জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অখিল গিরির মন্ত্রিত্ব খারিজ করার দরবার জানাতেই রাজভবনে যেতে চান শুভেন্দু। রাজ্যপালকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘কারা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদীকে অপমান করে খুব বাজে কথা বলেছেন। ভারতের রাষ্ট্রপতি আমাদের সাংবিধানিক প্রধান এবং তিনি ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান। তাঁকে অপমান করা মানে দেশকে অপমান করা। মাননীয় রাষ্ট্রপতি আদিবাসী সম্প্রদায়ের। এই আবহে মন্ত্রীর এহেন মন্তব্য প্রমাণ করে যে তাঁর মানসিকতা কতটা আদিবাসীবিরোধী।’ এদিকে, দ্রৌপদী মুর্মুকে নিয়ে করা অখিল গিরির মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভা নিন্দা প্রস্তাব আনতে পারেন বিজেপির আদিবাসী বিধায়করাও।

About Post Author