Home » ইস্তানবুলের বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার অন্যতম মূলচক্রী

ইস্তানবুলের বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার অন্যতম মূলচক্রী

সময় কলকাতা ডেস্কঃ ইস্তানবুলের বিস্ফোরণের কয়েকঘণ্টার মধ্যেই এই ঘটনার নেপথ্যে থাকা অন্যতম মূলচক্রীকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার দাবি, এই হামলার পিছনে আছে কুর্দিশ জঙ্গি সংগঠন।

ইতিমধ্যেই এই ঘটনায় ‘জঙ্গি যোগের গন্ধ’ পেয়েছেন সেদেশের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান। সূত্রের খবর, পুলিশের হাতে ধৃত ওই ব্যক্তিই ইস্তানবুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে বোমাটি রেখেছিলেন। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। এদিকে এই হামলার পরই দেশে বিস্ফোরণ সংক্রান্ত কোনও ভিডিয়ো সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে আলোচনার ওপর নজরদারি চালানো হচ্ছিল প্রশাসনের তরফে।

রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ মধ্য ইস্তানবুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে এই বিস্ফোরণ ঘটে। এই হামলায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৮১ জন জখম হয়েছেন বলেই সূত্রের খবর। বিস্ফোরণের সময় ওই এলাকায় বহু মানুষের ভিড় ছিল। প্রাণে বাঁচতে সবাই ছুটতে শুরু করে। এরপরই পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলে। বিস্ফোরণের পরই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। রাস্তার আশপাশে থাকা দোকানগুলির ঝাঁপও ফেলে দেওয়া হয়। বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটকও করা হয়।

About Post Author