Home » ফের একবার খবরের শিরোনামে মালদার হরিশ্চন্দ্রপুরের প্রাথমিক বিদ্যালয়

ফের একবার খবরের শিরোনামে মালদার হরিশ্চন্দ্রপুরের প্রাথমিক বিদ্যালয়

সময় কলকাতা ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের হলদিবাড়ি প্রাথমিক বিদ্যালয়। কিছু দিন আগেই শিক্ষকদের বিরুদ্ধে একাধিক অভিযোগে অভিভাবকদের বিক্ষোভের ফলে খবরের শিরোনামে এসেছিল এই প্রাথমিক বিদ্যালয়ের নাম। এবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদে দেখা দিল ফাটল। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। পড়ুয়াদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না অভিভাবকরা। কারণ, বেশ কিছুদিন আগেই দুটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে রাজ্যের দুই সরকারি বিদ্যালয়ে। বিদ্যালয়ের দেওয়াল ধসে গিয়ে মৃত্যু হয়েছে পড়ুয়ার। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রশাসনের গাফিলতি নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। কিন্তু এই সব ঘটনা দেখার পরেও কেন টনক নড়ছে না প্রশাসনের প্রশ্ন তুলেছে অভিভাবকরা।

যদিও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদিকুল হক জানিয়েছেন, ২০১৭ সালে বন্যার ফলে ফাটল সৃষ্টি হয়েছিল। সে সময় এই ভবন নির্মাণের কাজ হয়। তখন দায়িত্বে ছিলেন ঠিকাদার দ্রোণাচার্য ব্যানার্জি। অভিযোগ, তিনি সম্পূর্ণ কাজ করেননি। এই নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বারবার অভিযোগ করলেও কর্ণপাত করেননি তিনি।

সমগ্র ঘটনা নিয়ে তুঙ্গে তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা। এই গাফিলতি বা দুর্নীতি কী ভাবে প্রশাসনের চোখ এড়িয়ে গেল প্রশ্ন তুলেছে বিজেপি। পাল্টা তৃণমূল নেতৃত্বের আশ্বাস ঘটনা খতিয়ে দেখা হবে। যদিও এব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি ঠিকাদার দ্রোনাচার্য ব্যানার্জি। কিছু দিন আগেই রাজ্যের দুই জেলায় দুটি সরকারি বিদ্যালয়ে দেওয়াল ধসে পড়ুয়া মৃত্যুর ঘটনা ঘটেছে, তার পরেও কেন টনক নড়ছে না প্রশাসনের? উঠছে প্রশ্ন।

 

About Post Author