Home » মেঘালয়ের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে: অভিষেক  

মেঘালয়ের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে: অভিষেক  

সময় কলকাতা ডেস্কঃ বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে জয় পাওয়ার লক্ষ্যেই দুই দিনের মেঘালয় সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শিলং পৌঁছেই এদিনই সন্ধ্যায় শিলংয়ে দলীয় কর্মীদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। এদিনের এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মেঘালয়ের মানুষ দীর্ঘদিন ধরেই বঞ্চিত হচ্ছে। এবার তাদের জন্যই মেঘালয়ের সরকার গঠন করবে তৃণমূল। সাধারণ মানুষই গণতন্ত্রের আসল শক্তি। মেঘালয় অনবরত দুর্নীতি চলছে। এই দুর্নীতির বিরুদ্ধেই এখানকার মানুষ জোট বেঁধে লড়াই করবে।’ একইসঙ্গে এদিন পশ্চিম গারো পর্বতের তুরা এলাকায় প্রদেশ তৃণমূল কংগ্রেসের বিশাল দলীয় কার্যালয়ও উদ্বোধন করেন তিনি। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে অভিষেকের সঙ্গে ছিলেন মেঘালয়ে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা মুকুল সাংমা সহ অন্যান্য বিধায়করা। সূত্রের খবর,শুক্রবারও তুরার ল’ কলেজের মাঠে একটি জনসভা করবেন তিনি। এদিনের এই জনসভায় অভিষেকের বড় চমকের অপেক্ষাতেই রয়েছে দল। একই সঙ্গে চার্চের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি।

যদিও রাষ্ট্রপতি নির্বাচনের আগেই মেঘালয়ে সফরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেসময়ই তিনি জানিয়েছিলেন, বিধানসভা নির্বাচনে সব কয়টি আসনেই লড়াইয়ের জন্যই প্রস্তুত হচ্ছে তৃণমূল। মেঘালয়, গুজরাট বা দিল্লির সামনে মাথা নীচু করবে না তারা। সেখানে মুকুল সাংমা সহ এলাকার বাসিন্দারা মেঘালয়কে শাসন করবে এবং প্রকৃত উন্নয়ন করবে। তাঁর দাবি, উত্তরপূর্ব ভারতে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে তৃণমূলই।

সামনেই ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেকের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে। যদিও তৃণমূলের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

About Post Author