Home » সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা

সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা

সময় কলকাতা ডেস্কঃ বলা হয়ে থাকে, মানব সভ্যতার ইতিহাসে গান হল সবচেয়ে সুন্দর সৃষ্টি। গান মানুষকে কখনও কাঁদায়, কখনও হাসায়, আবার কখনও গানে গানে প্রেমে পড়েন অধিকাংশ মানুষ। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক নতুন নতুন গান প্রকাশিত হয়েছে। আর সেই যুগাবতার সুরকারদের মধ্যে অন্যতম হলেন সলিল চৌধুরী। ১৯২৩ সালের ১৯ নভেম্বর জন্মগ্রগন করেন এই প্রবাদপ্রতিম সুরকার। সলিল চৌধুরীর শিশুবেলা কেটেছে আসামের চা বাগানে। বাগানের দরিদ্র মানুষদের সঙ্গে মঞ্চাভিনয়ে অংশ নিতেন তাঁর বাবা। বাবার সংস্পর্শে এসেই ছোট্ট সলিলের পাশ্চাত্য সঙ্গীতে চর্চা শুরু।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিপীড়িত মানুষের দুঃখ-কষ্ট অনেক কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন তিনি। কলেজে থাকার সময় সুর তৈরি করতে শুরু করেন। তাঁর প্রথম জনপ্রিয় গান ‘বিচারপতি তোমার বিচার’ তৈরি করেছিলেন কীর্তনের সুরে। ১৯৪৫ সালে যখন আন্দামানের জেল থেকে স্বাধীনতা সংগ্রামীদের মুক্ত করা হচ্ছিল, এই গান রচনা করেছিলেন কিংবদন্তি।

কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন সলিল চৌধুরী। আইপিটিএ ও কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তাঁকে গ্রেফতার করার পরোয়ানাও জারি করা হয়েছিল। সেসময় সুন্দরবনে লুকিয়েছিলেন সলিল। জানা গিয়েছে, সেখানকার কৃষকরাই তাঁকে আশ্রয় দিয়েছিলেন। লুকিয়ে থেকেও একের পর এক নাটক তৈরি করেছিলেন, লিখেছিলেন গানও। ‘বিচারপতি’, ‘রানার’, ‘অবাক পৃথিবী’র মতো গান গায়ে কাঁটা দেয় আজও। আজও সমান প্রাসঙ্গিক সবক’টি গান। মাত্র ২০ বছর বয়সে তৈরি সলিলের ‘গাঁয়ের বধূ’ গানটি বাংলার সঙ্গীতের দুনিয়ায় নতুন ঝড় তোলে।

প্রেম ও আন্দোলনকে সমান্তরাল দৃষ্টিভঙ্গিতে দেখতেন সলিল। তাঁর সৃষ্টি সেই কথাই বলে বার বার। দেবব্রত বিশ্বাস, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্য়ায়, সুবীর সেন, প্রতিমা বন্দ্যোপাধ্য়ায়ের থেকে লতা, কিশোর কুমার এর মতো সঙ্গীত শিল্পীর সকলেই তাঁর তৈরি গান গেয়েছেন। বাংলা, হিন্দি ও মালায়ালাম ছাড়াও আরও ১৩টি ভাষায় তৈরি ছবির জন্য গান সৃষ্টি করেছিলেন সলিল। সেই তালিকায় রয়েছে ৭৫টি হিন্দি ছবি, ৪১টি বাংলা ছবি, ২৭টি মালায়ালি ছবি, মারাঠি, তামিল, কন্নড়, গুজরাটি, ওড়িয়া ও অহমিয়া ছবিও। এসবের পাশাপাশি নানা ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারতেন সলিল। যেমন বাঁশি, পিয়ানো, এসরাজ। মাত্র ৬ বছর বয়সে পিয়ানোতে তালিম নেওয়া শুরু করেন। ১৯৪৯ সালে বাংলা ছবি ‘পরিবর্তন’-এর জন্যই প্রথম সঙ্গীত পরিচালনা করেন সলিল।

ইউনিভার্সাল মিউজ়িক তৈরি করতে চেয়েছিলেন সলিল চৌধুরী। প্রমাণ করতে চেয়েছিলেন সঙ্গীতের কোনও দেশ নেই, কোনও ভেদাভেদ নেই। এবং সেই লক্ষ তিনি ভেদ ও করেছিলেন। কারন তার সঙ্গীত তার লেখা আজও দেশ কাল এর উরধে এক আলাদা পরিচয় বহন করে।

About Post Author