সময় কলকাতা ডেস্কঃ রবিবার অর্থাৎ আজ থেকেই মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে রাজ্যে দাম বাড়ল পাউরুটির। পশ্চিমবঙ্গ বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশেন কমিটির সম্পাদক তথা মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী কিছুদিন আগেই এই দাম বৃদ্ধির কথা জানিয়েছিলেন। সেই মতই ২০ নভেম্বর থেকে দাম বাড়ল পাউরুটির।

জানা গিয়েছে,পাউরুটির নতুন এই দাম কার্যকর হওয়ায় ৪০০ গ্রাম পাউরুটির বর্তমান দাম ২৮ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হয়েছে। ২০০ গ্রাম পাউরুটির বর্তমানে দাম রয়েছে ১৪ টাকা,যা বেড়ে রবিবার থেকে হল ১৬ টাকা। অন্যদিকে,১০০ গ্রাম পাউরুটির দাম ৭ টাকা থেকে বেড়ে হল ৮ টাকা।
এ প্রসঙ্গে ইদ্রিস আলী জানান,‘জ্বালানী থেকে শুরু করে সমস্ত দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। পাউরুটি তৈরি করার জন্য যে সমস্ত কাঁচামালের দরকার হয়, সেগুলিরও অস্বাভাবিকভাবে দাম বেড়ে গিয়েছে। বেশিরভাগ সময়ই পশ্চিমবঙ্গের বাইরে থেকেই আমাদের ময়দা কিনতে হয়। কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্য প্রত্যেক দিনই ময়দা, আটার দাম অস্বাভাবিকভাবে দাম বাড়ছে। এর আগে ২রা জানুয়ারি যখন পাউরুটির দাম বেড়েছিল তখন ময়দার দাম ছিল প্রতি কুইন্টাল এ ২৫০০ টাকা। কিন্তু বর্তমানে ময়দার দাম কুইন্টাল প্রতি ২৫০০ টাকা থেকে বেড়ে গিয়ে ৩৩৫০ টাকা হয়েছে অর্থাৎ প্রতি কুইন্টাল ৮৫০ টাকা বেড়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে কম দামে পাউরুটি বিক্রি করা হয়। গুজরাট, বিহার, ঝাড়খন্ড, দিল্লি, উত্তরপ্রদেশ সমস্ত জায়গাতেই ৪০০ গ্রাম পাউরুটির দাম ৩৬ টাকা থেকে ৫০ টাকা। কিছু রাজ্যে পাউরুটির দাম ৫০ টাকারও বেশি। সেই তুলনায় পশ্চিমবঙ্গে পাউরুটির দাম অনেকটাই কম।’

উল্লেখ্য,ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে মাথায় হাত মধ্যবিত্তের। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম। গত কয়েকমাস ধরে লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এই পরিস্থিতিতে ফের পাউরুটির দাম বৃদ্ধিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি