Home » টেট পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার সিদ্ধান্ত পর্ষদের

টেট পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার সিদ্ধান্ত পর্ষদের

সময় কলকাতা ডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য রাজনীতি। কার্যত সেকারণেই এবার টেট পরীক্ষার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়ার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান,‘প্রার্থী যে ওএমআর শিটে পরীক্ষা দেবেন, পরীক্ষার্থী ওই শিটের একটা কার্বন কপি নিয়ে যেতে পারবেন। এই ব্যবস্থা আগে কখনও নেওয়া হয়নি বলেও জানান তিনি। ইতিমধ্যেই পর্ষদ সূত্রে জানা গিয়েছে,এই প্রথম কোনও বেসরকারি ডিএলএড কলেজে টেট পরীক্ষা হচ্ছে না। টেট পরীক্ষা হবে শুধুমাত্র সরকারি ডিএলএড কলেজ, সরকারি স্কুল ও কলেজে।

অন্যদিকে এদিন গৌতম পাল পরীক্ষা কেন্দ্রের প্রধান-পরিদর্শকদের নির্দেশ দেন, তাঁরা ওএমআর শিট বা প্রশ্নের মুখবন্ধ খাম যেন কোনভাবেই না খোলেন। পরীক্ষার্থীরা নিজেরাই তা খুলে নেবে বলেই জানান পর্ষদ সভাপতি। পাশাপাশি, টেট পরীক্ষা চলাকালীন স্পর্শকাতর কেন্দ্রের এলাকায় ইন্টারনেট বন্ধের কথাও জানান প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই শিক্ষা দফতরের কাছে এই মর্মে প্রস্তাবও পাঠিয়েছেন বলেই সূত্রের খবর। একইসঙ্গে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করার প্রস্তাবও দিয়েছেন গৌতম পাল।

প্রসঙ্গত, দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। আড়াই ঘণ্টার পরীক্ষাটি মোট ১৫০ নম্বরে হবে। এই পরীক্ষার মাধ্যমে প্রাথমিকের ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে বলে ঘোষণা করেছে পর্ষদ।

About Post Author