Home » কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বিগবি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বিগবি

সময় কলকাতা ডেস্কঃ সিনেমা প্রেমীদের জন্য সুখবর! চলতি বছরের শেষেই অনুষ্ঠিত হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর সেই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে চলেছেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে,আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই এই মর্মে আয়োজককারী কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলচ্চিত্র উৎসবে সমস্ত বিভাগের জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৫ অক্টোবর পর্যন্ত। যদিও উৎসবের থিম এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে, ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় সফরে যাচ্ছেন বলেই দলীয় সূত্রে খবর। সেখান থেকে ফিরেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগদান করবেন তিনি।

গত বছরের ২৭ তম চলচ্চিত্র উৎসব ডিসেম্বরের বদলে চলতি বছরের ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। যা ১ মে পর্যন্ত চলে। এবছর চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ ছিল সত্যজিৎ রায়। শতবর্ষ পার করে আসা সত্যজিৎ রায়ের ছবি নিয়ে আলাদা একটা সেগমেন্ট ছিল চলচ্চিত্র উৎসবে।সেখানে ‘পথের পাঁচালী’, ‘পরশ পাথর’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’-র মতো কালজয়ী সিনেমাগুলি দেখানো হয়েছে।

অন্যদিকে সত্যজিত রায় ছাড়াও এবছর সম্মান জানানো হয়েছে চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরির পরিচালক মিকলোস জাঁকোসকে। সম্মান জানানো হয়েছে সেইসব তারকাদের, যাঁরা প্রয়াত হয়েছেন।সেই তালিকায় রয়েছেন, দিলীপ কুমার, বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্র ভাব, অভিষেক চট্টোপাধ্যায়, জিন পল বেলমন্ড, জিন ক্লড ক্যারিয়ার।তাঁদের সিনেমাগুলিও দেখানো হয়েছে।

উল্লেখ্য,প্রতি বছরের মতো এবছরও এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর চলচ্চিত্র উৎসবে মোট ২০০টি শো দেখানো হচ্ছে। নন্দনের তিনটি ও নজরুল মঞ্চের দু’টি প্রেক্ষাগৃহে, এছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবনে শোগুলি দেখানো হয়েছে।

About Post Author