Home » দ্বিতীয় দিনের কর্মসূচিতে বাঁকুড়ায় মিঠুন 

দ্বিতীয় দিনের কর্মসূচিতে বাঁকুড়ায় মিঠুন 

সময় কলকাতা ডেস্কঃ পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগেই পদ্মশিবিরকে চাঙ্গা করতে ফের রাজ্যে পা রেখেছেন মিঠুন চক্রবর্তী। যদিও কলকাতা বিমানবন্দরে পা রেখে মিঠুন জানান, দলের সভাপতির নির্দেশেই এসেছেন তিনি। জানা গিয়েছে, আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার করবেন মিঠুন। এমনকী অনুব্রতর গড় বোলপুরেও প্রচার করবেন তিনি। ২৪ তারিখ অর্থাৎ আজ বাঁকুড়ায় প্রচার করবেন তিনি। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দুর্লভপুর একটি বেসরকারি লজে সাংগঠনিক বৈঠকও করবেন তিনি। সূত্রের খবর, এদিনের বৈঠকের শেষে তিনি বিধায়ক চন্দনা বাউরির বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন। সেখান থেকে বিকেলে মেজিয়ায় কর্মী সম্মেলনে যোগদান করবেন। মিঠুনকে সামনে পেয়ে স্বাভাবিকভাবে উৎসাহিত কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। কার্যত কর্মীদের মনোবল চাঙ্গা করতে জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন মিঠুন চক্রবর্তী। আগামী ২৫ নভেম্বর বিষ্ণুপুর, ২৬ নভেম্বর আসানসোল ও শেষ দিন অর্থাৎ ২৭ তারিখ কেষ্টহীন বোলপুরে প্রচার কর্মসূচি চালাবেন তিনি।

সূত্রের খবর,মিঠুন চক্রবর্তীর পাঁচ দিনের এই জেলা সফরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও থাকবেন। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘মিঠুন চক্রবর্তী গোটা দেশের আইকন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার পাশাপাশি আগামী দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করবেন।’

সামনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। এর আগে বিধানসভা নির্বাচনের সময়ও রাজ্যে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। তখনও রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় প্রচার করতে দেখা গিয়েছিল তাঁকে।

About Post Author