Home » মুলায়ম সিং যাদবের ভাই শিবপাল যাদবকে তলব করতে চলেছে সিবিআই

মুলায়ম সিং যাদবের ভাই শিবপাল যাদবকে তলব করতে চলেছে সিবিআই

সময় কলকাতা ডেস্কঃ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের ভাই শিবপাল যাদবকে এবার তলব করতে চলেছে সিবিআই। সূত্রের খবর, শিবপাল যাদবের বিরুদ্ধে গোমতী রিভার ফ্রন্ট ডেভলপমেন্ট প্রকল্পে অর্থ তছরুপের অভিযোগে প্রায় পাঁচ বছর আগেই মামলা করেছিল যোগী আদিত্যনাথ সরকার। তবে, এতদিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি সিবিআই। কিন্তু মঙ্গলবার আদালতে তারা শিবপাল যাদবকে হেফাজতে নিয়ে জেরা করার অনুমতি চেয়েছে।

যদিও এর আগে অখিলেশ যাদবের স্ত্রী তথা মৈনপুরির প্রার্থী ডিম্পলের নিরাপত্তাও জেড থেকে ওয়াই করে দেয় যোগী আদিত্যনাথের সরকার। কার্যত সেই কারণেই সমাজবাদী পার্টি এই সিদ্ধান্তকে প্রতিহিংসা বলে অভিহিত করেছে। বিজেপি অখিলেশের হাত না ধরতে বহুবার মানা করছিল। কিন্তু মুলায়মের আসন বিজেপির দখলে চলে গেলে তাঁরও রাজনৈতিক পতন বুঝতে পেরে ভাইপোর সঙ্গে সমস্ত বিরোধ মিটিয়ে নেন তিনি।

উল্লেখ্য,গোমতী রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয় শিবপাল সেচমন্ত্রী থাকার সময়ে। ২০১৭ তে পালা বদলের পরই দুর্নীতির অভিযোগ তোলে বিজেপি সরকার। শিবপালের অনুগামীদের অভিযোগ, ভাইপো অখিলেশ যাদবের সঙ্গে হাত মেলানোর পরেই শিবপাল যাদবের উপর খড়গহস্ত যোগী সরকার।

About Post Author