সময় কলকাতা ডেস্ক: গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে ড্রেজিং করার কাজ। এই ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্যতা বাড়ানো হবে। কিন্তু বর্তমানে এর ফলে বিঘ্নিত হচ্ছে ভেসেল পরিষেবা। ফলে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা।
বর্তমানে সারাদিনে মাত্র ৪ ঘন্টা চলছে ভেসেল পরিষেবা। এরফলে চরম দুর্ভোগে পড়েছেন নিত্য যাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরে আগত পূর্ণ্যার্থীরা। ভেসেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের।
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে এবারের সাগরমেলা। সেজন্য পরিকাঠামো তৈরীর পাশাপাশি কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছে পলি তোলার কাজ। পাঁচটি ড্রেজার দিয়ে চলছে পলি তোলা। এই পলি তোলার ফলে মুড়িগঙ্গা নদীতে ভেসেল পরিষেবা বিঘ্নিত হতে শুরু করেছে।
এখন দিনে জোয়ারের সময় মাত্র ঘন্টা চারেক ভেসেল চালানো সম্ভব বলে জানিয়েছেন ভূতল পরিবহন নিগমের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা। এর মূল কারণ হিসাবে বলা হচ্ছে নদীর যে চ্যানেল দিয়ে ভেসেল চলাচল করে সেই চ্যানেলে চলছে পলি তোলার কাজ। ফলে ওই চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ভাটার সময়।
এই পরিস্থিতিতে একটি সম্পূর্ণ দিনের কুড়ি ঘন্টারও বেশি সময় সাগরদ্বী মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকছে। এই পরিস্থিতিতে সাগরদ্বীপের একমাত্র ভেসেল পরিষেবা স্বভাবিক রাখতে সরব হয়েছেন সাধারণ মানুষজন। এই সমস্যা আগামী ১৫ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী